অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ। বুধবার দিবাগত রাতে রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাঁকে ডিবি হেফাজতে নেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, বুধবার রাতে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে বুধবার রাত পৌনে ৩টার দিকে নিজের বাসার সামনে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখে ফেসবুক লাইভে আসেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। এ সময় তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। লাইভে তিনি দাবি করেন, পুলিশ কেন তাঁর বাসায় এসেছে কিংবা তাঁকে কেন আটক করা হচ্ছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
লাইভে জ্যোতি বলেন, ‘আমাকে বিনা ওয়ারেন্টে পুলিশ ধরতে এসেছে। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই।’ পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমাকে ফোন করলে থানা কিংবা ডিবি অফিসে নিজেই যেতাম। তবে আমার হাতে হাতকড়া পরাবেন না। আমি আপনাদের সঙ্গে যাচ্ছি।’
লাইভের শেষ দিকে মা-বাবাকে আশ্বস্ত করে অভিনেত্রী বলেন, ‘আমি ভয় পাচ্ছি না। বাবা-মা, তোমরা ভয় পেয়ো না।’
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপকে ঘিরে আলোচনা-সমালোচনা তৈরি হয়। অভিযোগ রয়েছে, ওই গ্রুপের সদস্যরা ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন প্রচার-প্রচারণায় অংশ নিয়েছিলেন। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিও ওই গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক থানায় মামলা রয়েছে বলে জানা গেছে।