🏠︎ » রাজনীতি » তৃণমূল শক্তিশালী করতে বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগ বিএনপির,তালিকায় ৮০-৮৫ বিদ্রোহী

তৃণমূল শক্তিশালী করতে বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগ বিএনপির,তালিকায় ৮০-৮৫ বিদ্রোহী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তিন শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছিল বিএনপি। বহিষ্কৃতদের মধ্যে ৯১ জন নেতা দলীয় মনোনয়নের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তাদের পক্ষে কাজ করায় তৃণমূলের অনেক নেতাকর্মীকেও শাস্তির মুখে পড়তে হয়। এবার এসব বহিষ্কৃত নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় দলে যুক্ত করার উদ্যোগ নিয়েছে দলটি। এর মাধ্যমে অভ্যন্তরীণ বিরোধ কমিয়ে তৃণমূলের সাংগঠনিক শক্তি বাড়াতে চায় বিএনপি।

দলীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য মোকাবিলা, দলের অভ্যন্তরীণ ঐক্য ফিরিয়ে আনা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের আগে নেতাকর্মীদের এক প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে বিদ্রোহী প্রার্থীসহ কয়েকশ নেতা-কর্মী পুনরায় দলে ফেরার আবেদন করে কেন্দ্রীয় কার্যালয়ে চিঠি দিয়েছেন। আবেদনগুলো যাচাই করে অন্তত ৫০০ নেতাকর্মীকে সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তাদের মধ্যে ৮০ থেকে ৮৫ জন বিদ্রোহী সংসদ সদস্য প্রার্থী রয়েছেন। এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন অভিযোগে বহিষ্কৃত নেতারাও এ তালিকায় রয়েছেন। শিগগিরই সংশ্লিষ্টদের কাছে কেন্দ্র থেকে চিঠি পাঠানো হতে পারে।

এ প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৭ নভেম্বর নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে আগের পদে পুনর্বহাল করা হয়েছে। অন্য বহিষ্কৃত নেতাদের বিষয়েও পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যেসব নেতা বহিষ্কৃত হয়েছিলেন, তাদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। তবে প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট আলাদা। স্থানীয় পরিস্থিতি বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা প্রয়োজন কিংবা যাদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, তাদের আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান এভাবেই বিষয়গুলো পর্যালোচনা করছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করে বিএনপি। নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে ৪৫টি আসনে কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের ৯১ জন নেতা ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। দল তাদের বিদ্রোহী প্রার্থী হিসেবে চিহ্নিত করে বহিষ্কার করে। তাদের মধ্যে সাতজন নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হন। অন্যদিকে এসব প্রার্থীকে সমর্থন দেওয়ার অভিযোগে তৃণমূলের আরও তিন শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়।

গত আগস্টে নড়াইল সদর, পৌরসভা ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছিল। সর্বশেষ গত ১৭ নভেম্বর নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

বিএনপির দপ্তর সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন অভিযোগে বহিষ্কৃত নেতাদের একটি বড় অংশকে জাতীয় সংসদ নির্বাচনের আগেই দলে ফিরিয়ে নেওয়া হয়েছিল। সে সময় কয়েকজন আবেদন করেও দলে ফেরার সুযোগ পাননি। এবার বিদ্রোহী প্রার্থী ও তাদের সমর্থকদের পাশাপাশি ওই নেতাদেরও ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তারিকুল আলম তেনজিং কালবেলাকে বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে ফেলার লক্ষ্যে বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে। কয়েকটি ধাপে পর্যায়ক্রমে তাদের দলে ফেরানো হবে।

বিএনপিতে ফেরানোর সম্ভাব্য তালিকায় রয়েছেন সংসদ নির্বাচনে বহিষ্কৃত সাত বিজয়ী বিদ্রোহী প্রার্থী। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ব্যারিস্টার রুমিন ফারহানা, টাঙ্গাইল-৩ আসনের লুৎফর রহমান খান আজাদ, কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মজিবুর রহমান ইকবাল, চাঁদপুর-৪ আসনের আব্দুল হান্নান, কুমিল্লা-৭ আসনের আতিকুল আলম শাওন, ময়মনসিংহ-১ আসনের সালমান ওমর রুবেল এবং দিনাজপুর-৫ আসনের এ জেড এম রেজওয়ানুল হক।

এ ছাড়া সম্ভাব্য তালিকায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সাবেক সদস্য ও পটুয়াখালী-৩ আসনের হাসান মামুন, মোহাম্মদ শাহ আলম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, জাকারিয়া পিন্টু, ডা. শহীদুল আলম, আব্দুস সোবহান, অধ্যাপক মো. রেজাউল করিম, নাসিরুল হক সাবু, শেখ সুজাত মিয়া, এম এ হান্নান, কাজী মফিজুর রহমান, মোহাম্মদ আলী, যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন), দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ, সৈয়দপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরাফান সরকার রানা, মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নাটোর জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খাইরুল হক শিমুল এবং লন্ডন জিয়া পরিষদের সহসভাপতি ব্যারিস্টার রেজাউল করিম।

সম্ভাব্য তালিকায় আরও রয়েছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ দুলাল হোসেন, মো. আতাউর রহমান খান আঙ্গুর, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি মো. জামাল আহমেদ চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন, সদস্য মো. মুমিন আলী, কিশোরগঞ্জ সদর থানা বিএনপির সদস্য রেজাউল করিম চুন্নু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমান, ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোর্শেদ আলম, নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লাভলু সিদ্দিকী, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামাল নুরউদ্দিন মোল্লা, মাদারীপুর জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্য, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এস খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন, দেওয়ান জয়নুল জাকেরীন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, সদস্য কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক সদস্য অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী।

এদিকে গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির আয়োজিত শোভাযাত্রায় বহিষ্কৃত নেতা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরবকে সামনের সারিতে দেখা যায়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নিরবকে ডেকে নিজের সঙ্গে নেন তারেক রহমান।

এ বিষয়ে সাইফুল আলম নিরব কালবেলাকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচিসহ বিএনপির সব রাজনৈতিক আয়োজনে তিনি অংশ নিচ্ছেন। নিজের নির্বাচনি এলাকাতেও দলের কর্মসূচি পালন করছেন। দলের সঙ্গে ছিলেন এবং এখনো আছেন জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বিএনপির রাজনীতি চালিয়ে যাবেন। তবে তাকে দলে ফিরিয়ে নেওয়ার বিষয়ে হাইকমান্ড বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু কালবেলাকে বলেন, যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন, তারা গত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং দলের কঠিন সময়ে মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নির্বাচনে কেন তারা স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, তা দলের খতিয়ে দেখা উচিত বলে মনে করেন তিনি। তার ভাষ্য, দলীয় প্রতীকের বাইরে থেকেও প্রত্যেকে উল্লেখযোগ্য ভোট পেয়েছেন এবং তৃণমূলের একটি অংশ এখনো তাদের সঙ্গে রয়েছে। এখন দল কীভাবে তাদের কাজে লাগাবে, সেটি বিএনপির বিবেচনার বিষয়।

বহিষ্কৃত একাধিক নেতা কালবেলাকে জানিয়েছেন, তাদের কেউ কেউ ইতোমধ্যে দলে ফেরার আবেদন করেছেন। আবার অনেকে কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। দলের পক্ষ থেকে ইতিবাচক সংকেত পেলে তারা আবেদন করবেন। তাদের মতে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত তারা পরিস্থিতি বিবেচনা করেই নিয়েছিলেন। এখন দলে ফেরার আবেদন করলে অনেকে কটূক্তি করতে পারেন, এমন পরিস্থিতি তারা চান না। তাদের ভাষ্য, আবেদন করা মূলত আনুষ্ঠানিকতা; হাইকমান্ড চাইলে যেকোনো নেতাকে পুনরায় দলে ফিরিয়ে নিতে পারে।

তবে কয়েকজন বহিষ্কৃত নেতার অভিযোগ, দলের ভেতরে ও বাইরে সাংগঠনিকভাবে সক্রিয় নেতাকর্মীদের অনেককে কোণঠাসা করে রাখা হচ্ছে। তাদের মতে, এ কারণেই আওয়ামী লীগ রাজপথে রাজনৈতিক সুযোগ পাচ্ছে। মাঠপর্যায়ে অভিজ্ঞ ও সাংগঠনিক নেতাদের দায়িত্ব দেওয়া হলে আওয়ামী লীগের কর্মকাণ্ড মোকাবিলা করা আরও সহজ হবে।

জাতীয় নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির ভেতরে যে বিরোধ তৈরি হয়েছিল, বিদ্রোহী প্রার্থী এবং পরবর্তী বহিষ্কারের ঘটনায় সেই বিভেদ এখনো পুরোপুরি কাটেনি। দীর্ঘ ১৭ বছর পর ক্ষমতায় ফিরলেও তৃণমূল পর্যায়ে দলের পূর্ণাঙ্গ ঐক্য প্রতিষ্ঠা করা যায়নি। জাতীয় নির্বাচনের সময়কার বিভক্তি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন দলটির নীতিনির্ধারকেরা। তারা মনে করছেন, জাতীয় নির্বাচনে পাওয়া সাফল্যের ধারাবাহিকতা স্থানীয় সরকার নির্বাচনেও ধরে রাখা জরুরি। বহিষ্কৃত অনেক নেতা এখনো নিজ নিজ এলাকায় সক্রিয় রয়েছেন। দলের বিভিন্ন কর্মকাণ্ড ও রাজনৈতিক কর্মসূচিতেও তাদের অংশগ্রহণ রয়েছে। তাদের পুনরায় দলে যুক্ত করা গেলে সাংগঠনিক শক্তি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড নিয়েও বিএনপির মধ্যে উদ্বেগ রয়েছে। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, থানায় আগুন এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুরের মতো ঘটনা ঘটছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে শক্তিশালী রাখার প্রয়োজনীয়তা অনুভব করছে বিএনপি।

দলটির স্থায়ী কমিটির একজন সদস্য কালবেলাকে বলেন, বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে আনার উদ্যোগ সফল হলে তৃণমূলের দীর্ঘদিনের বিরোধ অনেকটাই কমে আসতে পারে। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় বিএনপির সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। তার মতে, দলের ভেতরের বিভেদ দূর করে সংগঠনকে শক্তিশালী করা গেলে রাজনৈতিক ও সাংগঠনিক দুই ক্ষেত্রেই ইতিবাচক ফল পাওয়া সম্ভব।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ