চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাড়ির সামনে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে আসেন মা। তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মেয়েও। রোববার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হাউসনগর গ্রামের বাসিন্দা বকুল হোসেনের স্ত্রী মিলি (৪৫) ও তার মেয়ে লিমু খাতুন (১৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সামনে থাকা দোকানের গেট খুলতে যান মিলি। এ সময় নিরাপত্তার জন্য স্থাপন করা একটি লোহার রডে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বিদ্যুতের সংস্পর্শে থাকতে দেখে তাকে উদ্ধারের জন্য এগিয়ে যান মেয়ে লিমু। মাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হন।
পরে স্থানীয়রা মা ও মেয়েকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টা ৪৫ মিনিটে দুজনকেই মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।