🏠︎ » স্বাস্থ্য » হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দুই মাসে এক দিনে সর্বোচ্চ

হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দুই মাসে এক দিনে সর্বোচ্চ

দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। গত দুই মাসের মধ্যে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে। তাঁদের মধ্যে সন্দেহজনক হামে মারা গেছেন ১ হাজার ২৪৭ জন এবং নিশ্চিত হামে ১০৫ জন।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা গেছেন নয়জন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রামে তিনজন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। এর আগে গত ২৩ সেপ্টেম্বর এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ১৬২ জন। নিশ্চিত আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩ জন, সিলেটে ১৮ জন এবং চট্টগ্রামে ১৫ জন রয়েছেন।

নতুন শনাক্ত সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫০৩ জন, চট্টগ্রামে ২২৮ জন, সিলেটে ১৫৮ জন, বরিশালে ১০০ জন, ময়মনসিংহে ৫৩ জন, খুলনায় ৪৯ জন, রংপুরে ৩৬ জন এবং রাজশাহীতে ৩৫ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৬ হাজার ১৩৬ জন। সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৭০৫ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৪ জন। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮৭ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৫৬০ জন। এরপর সিলেটে ২২২ জন, চট্টগ্রামে ১২৮ জন, ময়মনসিংহে ৯৫ জন, রাজশাহীতে ৯৩ জন, বরিশালে ৭০ জন, খুলনায় ৬১ জন এবং রংপুর বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, নিশ্চিত হামেও সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে প্রাণ হারিয়েছেন ৬৮ জন। এ ছাড়া বরিশালে ১৯ জন, চট্টগ্রামে ১০ জন, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজনের মৃত্যু হয়েছে।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ