প্রতিটি ট্রেনে আসন ৩৩৪টি, সর্বনিম্ন ভাড়া ২০ টাকা
নিজস্ব প্রতিবেদক
যাত্রীদের যাতায়াত আরও সহজ ও রেলসেবা গতিশীল করতে চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নতুন এ ট্রেন চলাচলের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন চালু হওয়া ট্রেনগুলোর নাম রাখা হয়েছে ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’। প্রতিটি ট্রেনে সাতটি করে কোচ সংযুক্ত থাকবে। এর মধ্যে পাঁচটি শোভন শ্রেণির কোচ, একটি পাওয়ার কার এবং একটি সিটিং কাম লাগেজ (এসএলআর) কোচ রয়েছে।
শোভন শ্রেণির পাঁচটি কোচে ৬০টি করে মোট ৩০০টি আসন থাকবে। পাশাপাশি এসএলআর কোচে আরও ৩৪টি আসনের ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে প্রতিটি ট্রেনে যাত্রীদের জন্য মোট আসনসংখ্যা ৩৩৪টি।
রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২২২ নম্বর ট্রেনটি নাজিরহাট থেকে সকাল ৬টায় ছেড়ে চট্টগ্রামে পৌঁছাবে সকাল ৭টা ৩৫ মিনিটে। ২২১ নম্বর ট্রেনটি চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে।
অন্যদিকে, ২২৪ নম্বর ট্রেনটি নাজিরহাট থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রামে পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে। আর ২২৩ নম্বর ট্রেনটি চট্টগ্রাম থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে।
এ রুটে ট্রেনের ভাড়া ১২ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। রেলওয়ে কর্মকর্তাদের ধারণা, নতুন কমিউটার ট্রেন চালুর ফলে যাত্রীসেবার মান উন্নয়নের পাশাপাশি রেলওয়ের আয়ও বাড়বে।
রেলওয়ে সূত্র আরও জানায়, চট্টগ্রাম-নাজিরহাট-চট্টগ্রাম রুটে দীর্ঘদিন ধরে চলাচল করা দুই জোড়া লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনের মানে উন্নীত করার দাবি ও প্রস্তাব দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল। অবশেষে রেলওয়ে কর্তৃপক্ষ সেই প্রস্তাব অনুমোদন করেছে। নতুন এ ব্যবস্থার ফলে ট্রেনগুলোর চলাচলের গতিশীলতা এবং যাত্রী ধারণক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।