🏠︎ » শিক্ষা » এইচএসসির ফল সন্তোষজনক হয়নি, উন্নয়নে কাজ করবে মন্ত্রণালয়: শিক্ষামন্ত্রী

এইচএসসির ফল সন্তোষজনক হয়নি, উন্নয়নে কাজ করবে মন্ত্রণালয়: শিক্ষামন্ত্রী

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল সন্তোষজনক হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফলাফলে যে ঘাটতি রয়েছে, তা কাটিয়ে আগামীতে আরও ভালো ফল নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কাজ করবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সকালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘ফল সন্তোষজনক হয়নি। এ ব্যাপারে শিক্ষা বোর্ডগুলোসহ আমরা আগামী দিনে ভালো করার চেষ্টা করব। এ সমস্যাগুলো কীভাবে কাটিয়ে ওঠা যায়, সে বিষয়ে মন্ত্রণালয় এবং বোর্ড থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হবে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ফলাফলের ঘাটতি পূরণে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হবে, যাতে আগামী দিনে শিক্ষার্থীরা আরও ভালো ফল করতে পারে।

উত্তরপত্র পুনর্নিরীক্ষণের বিষয়ে মন্ত্রী জানান, আগামী ১ নভেম্বর থেকে পরীক্ষার্থীরা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এবারও উত্তরপত্র পুনর্মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কোনো শিক্ষার্থী অবমূল্যায়নের শিকার না হন।

তিনি বলেন, ‘গত এসএসসি পরীক্ষায় আমরা রি-এক্সামিন করেছিলাম। ৩ হাজার ৭৯ জন জিপিএ-৫ পেয়েছিলেন। এবারও রি-এক্সামিন করব। কেউ যেন অবমূল্যায়িত না হয়, সেদিকে লক্ষ্য রেখে আগামী দিনে কাজ করা হবে।’

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এ বছর মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ