🏠︎ » তথ্যপ্রযুক্তি » আওয়ামী লীগের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে বিধিনিষেধ মানার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

আওয়ামী লীগের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে বিধিনিষেধ মানার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

বাংলাদেশ আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, ২০২৫ সালের ১২ মে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর আওতায় গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির প্রকাশনা ও প্রচার-প্রচারণাও রয়েছে। বিষয়টি গণমাধ্যমের বিবেচনায় রাখা উচিত।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পাশাপাশি দলটির প্রচার-প্রচারণার বিষয়েও বিধিনিষেধ রয়েছে। তাই গণমাধ্যমের এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

মতবিনিময় সভায় বিজেসির প্রতিনিধিরা দেশের টেলিভিশন চ্যানেলগুলোর আর্থিক সংকটের বিষয়টি তুলে ধরেন। তারা জানান, অধিকাংশ টেলিভিশন চ্যানেল বিজ্ঞাপনের আয়ের ওপর নির্ভরশীল। বর্তমান বিজ্ঞাপনমূল্য দিয়ে অনেক প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় মেটানো এবং সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা দেওয়া কঠিন হয়ে পড়েছে।

এ পরিস্থিতি মোকাবিলায় কেবল অপারেটরদের কাছ থেকে গ্রাহকপর্যায়ের সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ টেলিভিশন চ্যানেলগুলোকে দেওয়ার প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানান প্রতিনিধিদলের সদস্যরা।

তারা আরও বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে ডিজিটালাইজেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত এ ধরনের অন্তর্বর্তী ব্যবস্থা চালুর সুপারিশ রয়েছে। প্রায় ৫৫টি অংশীজনের সঙ্গে আলোচনা করে কমিশন বিভিন্ন সুপারিশ তৈরি করেছে। সেখান থেকে গুরুত্বপূর্ণ সুপারিশগুলো বাস্তবায়নে সরকারের উদ্যোগ কামনা করেন তারা।

সভায় বার কাউন্সিলের আদলে একটি গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাবও তুলে ধরা হয়। প্রতিনিধিদলের মতে, এ ধরনের কমিশন গঠিত হলে সংবাদপত্র, টেলিভিশন ও ডিজিটাল গণমাধ্যমের বিভিন্ন সমস্যা সমন্বিতভাবে সমাধান করা সম্ভব হবে।

সাংবাদিকদের বেতন-ভাতা, সুযোগ-সুবিধা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে গণমাধ্যম মালিকদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও বলেন প্রতিনিধিরা। তাদের মতে, ন্যায্য বেতন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে সাংবাদিকদের পক্ষে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা করা কঠিন।

এ সময় বর্তমান সরকারের আমলে গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার যে পরিবেশ তৈরি হয়েছে, তা অব্যাহত রাখার প্রত্যাশা জানান বিজেসির প্রতিনিধিদল।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ