বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবদুর রহমান। সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন রাহাত সাইফুল। সভাপতি পদে ৫৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে ৯২ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেছেন তাঁরা। অন্যদিকে, কার্যনির্বাহী সদস্য পদের শেষ আসনটি নির্ধারিত হয়েছে মাত্র দুই ভোটের ব্যবধানে।
শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাচসাসের নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় ভোটগ্রহণ শুরু হয়। জুমার নামাজের বিরতির পর বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫২৫ জন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এরফানুল হক নাহিদ।

সভাপতি পদে ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবদুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান দর্পণ পেয়েছেন ১৮৯ ভোট। এ পদে কাজী ফারুক বাবুল পেয়েছেন ৩ ভোট। ফলে ৫৭ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন আবদুর রহমান।
সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল পেয়েছেন ২৪৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী আহমেদ তেপান্তর (আওয়াল) পেয়েছেন ১৫৪ ভোট এবং অঞ্জন রহমান পেয়েছেন ৩৬ ভোট। ৯২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন রাহাত সাইফুল। সম্পাদকীয় পদগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন তিনি।
সহ-সভাপতি পদে ২৬১ ভোট পেয়ে প্রথম হয়েছেন রিমন মাহমুদ। ২২৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন হামিদ মোহাম্মদ জসিম। এ পদে আঞ্জুমান আরা শিল্পী পেয়েছেন ১৯৯ ভোট এবং সাহাবুদ্দিন মজুমদার পেয়েছেন ১১১ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু হুরায়রা মুরাদ।
অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে অর্থ সম্পাদক পদে সৈয়দা ফারজানা জামান রুম্পা ২৫৬ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে রুহুল আমিন ভূঁইয়া ২২৬ ভোট, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক পদে আনিসুল হক রাসেল ২৩১ ভোট, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে পান্থ আফজাল ২৪১ ভোট, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক পদে ইশরাত জাহান স্বর্ণা ২৪৭ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তৌফিক অপু ২২৬ ভোট এবং দপ্তর সম্পাদক পদে মহিব আল হাসান ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সম্পাদকীয় পদগুলোর মধ্যে সবচেয়ে কম ভোটের ব্যবধানে জয় পেয়েছেন প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত তৌফিক অপু। তিনি ২২৬ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুর ইসলাম লিটনকে পরাজিত করেছেন। লিটন পেয়েছেন ২০৭ ভোট। তাঁদের মধ্যে ভোটের ব্যবধান ১৯।
কার্যনির্বাহী সদস্যের ৯টি পদের মধ্যে সর্বোচ্চ ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শফিকুল আলম মিলন। এ ছাড়া নির্বাচিত হয়েছেন সুকন্যা আমির (২৬২), রুহুল সাখাওয়াত (২৪৯), রাজু আলীম (২৩৫), অরণ্য শোয়েব (২১৮), সালাম মাহমুদ (২১৬), শাকিল হোসেন (২০১), হাফিজ রহমান (১৯৩) ও সালাম ফারুক (১৯০)।
কার্যনির্বাহী সদস্য পদের নবম ও শেষ আসনটি নিয়ে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ১৯০ ভোট পেয়ে শেষ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সালাম ফারুক। মাত্র দুই ভোট কম পেয়ে বাদ পড়েছেন আফসানা খানম। তিনি পেয়েছেন ১৮৮ ভোট। এ ছাড়া মো. মাজহার বাবু পেয়েছেন ১৮২, দীপংকর দীপক ১৭৫, হাবিবুর রহমান ১৬৮, লুৎফর রহমান খান ১৬৫, মো. মনিরুজ্জামান (অপূর্ব) ১৪৫, আল আমিন সেলিম ১৩৮, সুমন চৌধুরী ১৩৮, আল এহসান ১২৭, খান আক্তার হোসেন ৫৪ এবং তাজ উদ্দিন আহমেদ ৪৯ ভোট।
এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। একটি প্যানেলের নেতৃত্বে ছিলেন আবদুর রহমান ও রাহাত সাইফুল। অন্য প্যানেলের নেতৃত্ব দেন কামরুল হাসান দর্পণ ও আহমেদ তেপান্তর। নির্বাচনের আগে দুই প্যানেলের প্রার্থীরা সাংগঠনিক উন্নয়ন, পেশাগত ঐক্য এবং পারস্পরিক সম্প্রীতি জোরদারের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালান।
বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার ইতিহাসে ঐতিহ্যবাহী সংগঠন বাচসাসের যাত্রা শুরু হয় ১৯৬৮ সালে। সে সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় ‘পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি’ নামে সংগঠনটির প্রতিষ্ঠা হয়। বাংলাদেশের স্বাধীনতার পর এর নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি। পরবর্তী সময়ে ১৯৭৩–৭৪ সালে সংগঠনটি পুনরুজ্জীবিত হয়।
নির্বাচনে বিজয়ের পর নবনির্বাচিত সভাপতি আবদুর রহমান সংগঠনের দায়িত্ব পালনে সদস্যদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছেন। অন্যদিকে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাহাত সাইফুল নির্বাচনের ফল ঘোষণার পর বাচসাসের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রাণের সংগঠন বাচসাসের সম্মানিত সদস্যদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা। সংগঠনকে আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা ও সমর্থনও কামনা করেন তিনি।
চলচ্চিত্র সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি দেশের চলচ্চিত্র অঙ্গনে অবদানের স্বীকৃতি দিতে বাচসাস পুরস্কার প্রবর্তন করে। দীর্ঘ পথচলায় দেশের চলচ্চিত্র সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে সংগঠনটি। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর বাচসাসের নেতৃত্ব দেবে।