🏠︎ » জাতীয় » আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় রাজপথে থাকার ঘোষণা ১১ দলের

আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় রাজপথে থাকার ঘোষণা ১১ দলের

নিজস্ব প্রতিবেদক:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা, সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নেতারা জানান, দেশের বর্তমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ নিয়ে আলোচনা করা হয়। তাঁদের মতে, এসব ঘটনার ফলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, বিগত ফ্যাসিবাদী শক্তি দেশের বিভিন্ন স্থানে মানুষের জানমালের ক্ষতি করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। আতঙ্ক ছড়িয়ে তারা নিজেদের পরিচয় আবারও মানুষের সামনে তুলে ধরছে। এমন পরিস্থিতিতে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে করণীয় নির্ধারণ করতে ১১ দলের নেতারা বৈঠকে বসেছেন।

তিনি আরও বলেন, যেকোনো মূল্যে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির অপতৎপরতা প্রতিহত করতে হবে। এ লক্ষ্যে জনগণকে সঙ্গে নিয়ে ১১ দল ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করবে।

মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের সময় রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে বিভেদ বা ফাটল তৈরি হলে দেশ দুর্বল হয়ে পড়বে। তাঁর মতে, ওই ঐক্যের অন্যতম ভিত্তি ছিল জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন। গণভোটের রায় কার্যকর না হওয়াকে তিনি বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, গণভোটের রায় ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পাশাপাশি জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর ঐক্যবদ্ধ অবস্থান জরুরি। দলমত নির্বিশেষে জনগণকে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার প্রচেষ্টার প্রতিবাদ জানান।

নৈরাজ্যবাদীদের হামলায় নিহত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের পরিবারের প্রতি এবং অগ্নিসংযোগে বাড়িঘর ও যানবাহনের ক্ষতিগ্রস্ত মালিকদের প্রতিও ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করেন তিনি।

এ সময় সরকারের প্রতি কঠোরভাবে নৈরাজ্য দমনের আহ্বান জানান মামুনুল হক। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার অনুরোধ করেন। জনগণকে সম্মিলিতভাবে গণপ্রতিরোধ গড়ে তুলে অপতৎপরতা প্রতিহত করার আহ্বানও জানান তিনি।

মামুনুল হক বলেন, ১১ দল জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থেকে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করবে, ইনশাআল্লাহ।

ব্রিফিংয়ে ১১ দলের নেতারা বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারের পদক্ষেপ যথেষ্ট দৃশ্যমান ছিল না বলে তাঁদের অভিযোগ। তাঁদের দাবি, এর সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন ধরনের অপতৎপরতা চালানোর সুযোগ পেয়েছে।

নেতারা আরও অভিযোগ করেন, সরকারের ভূমিকা এবং গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ার কারণে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। এর ফলে ওই শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও অপতৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে।

তাঁরা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং দেশের জনগণ নিজেদের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সচেতন। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় জনগণ প্রস্তুত রয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কোন দল ক্ষমতায় থাকবে, সেটি মুখ্য বিষয় নয়; বরং জনগণের নিরাপত্তা, অধিকার ও সুরক্ষা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।

নেতাদের মতে, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়িত হলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না। তাই জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধ অবস্থানের মাধ্যমে সব ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে ১১ দলীয় ঐক্য।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ