🏠︎ » সারাদেশ » চট্টগ্রাম » কার্নিভালের নামে সৈকতে ঝাউগাছ নিধন: বিতর্কিত ‘কক্স কার্নিভাল’ বন্ধের দাবি সচেতন মহলের

কার্নিভালের নামে সৈকতে ঝাউগাছ নিধন: বিতর্কিত ‘কক্স কার্নিভাল’ বন্ধের দাবি সচেতন মহলের

‎মোঃ এরফান উল্লাহ || কক্সবাজার প্রতিনিধি


‎বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে শুরু হওয়া তিন মাসব্যাপী ‘কক্স কার্নিভাল’-এর জায়গা প্রস্তুত ও অবকাঠামো সম্প্রসারণের নামে উপকূলের রক্ষাকবচ হিসেবে পরিচিত বহু বছরের পুরনো ঝাউগাছ নির্বিচারে কেটে ফেলার অভিযোগ উঠেছে। পর্যটন বিনোদনের আড়ালে পরিবেশ ধ্বংসের এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় পরিবেশবাদী, নাগরিক সমাজ ও সচেতন মহল। একই সঙ্গে বিতর্কিত হয়ে পড়া এই কার্নিভালের স্থান পরিবর্তন কিংবা অবিলম্বে তা বন্ধের দাবি উঠেছে।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, পর্যটন মৌসুমকে কেন্দ্র করে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সৈকতসংলগ্ন এলাকায় তিন মাসব্যাপী এই জমকালো কার্নিভালের আয়োজন করা হয়েছে। তবে শুরু থেকেই এর ব্যবস্থাপনা ও স্থান নির্বাচন নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক দেখা দেয়। সম্প্রতি কার্নিভালের পরিধি বাড়াতে গিয়ে সৈকতের বালিয়াড়িতে থাকা মূল্যবান ঝাউবাগানের বেশ কিছু গাছ কেটে ফেলা হয়। বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ পুরো জেলায় সমালোচনার ঝড় ওঠে।
‎
‎উপকূলীয় পরিবেশের ওপর এমন আঘাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম বলেন, পর্যটন খাতের বিকাশে যেকোনো উৎসব বা আয়োজন হতেই পারে, আমরা এর বিপক্ষে নই। কিন্তু এভাবে বহু বছরের পুরনো ও প্রাকৃতিক ঝাউবাগান কেটে সাফ করে কার্নিভাল আয়োজন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঝাউগাছ উপকূলকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। চাইলে ঝাউবাগান অক্ষত রেখে বর্তমানে যেখানে বাণিজ্য মেলা হচ্ছে সেই খোলা মাঠে বা অন্য কোনো উপযুক্ত স্থানে এই কর্মসূচি পালন করা যেত। গাছ কেটে এমন আয়োজন পরিবেশের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
‎
‎সচেতন মহলের দাবি, সৈকতের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) রক্ষা করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। বিনোদনের নামে প্রকৃতি ধ্বংস করার এই বিতর্কিত প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।
‎
‎ঝাউবাগান কাটার বিষয়ে জানতে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী তারিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
‎
‎তবে এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার মো. মাহমুদুর রহমান সায়েম জানান, ঝাউগাছ কাটার বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। পরিবেশ ধ্বংস বা গাছ কাটার বিষয়ে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ