🏠︎ » জাতীয় » গাজীপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। এ সময় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকরা সড়ক ছেড়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সোমবার সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুন কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে জড়ো হন। একপর্যায়ে তারা মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন এবং কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন।

সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। তবে এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, কোনাবাড়ী এলাকার ওই দুটি কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ