নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় স্থানীয় সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে দ্বিতীয় দফায় আরও দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) সকালে গুরুদাসপুর আমলি আদালতের বিচারক মাহমুদুল হাসান রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।
নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার নুরুজ্জামান মিন্টুকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে মিন্টু ডিবি হেফাজতে রয়েছেন।
ডিবির এই কর্মকর্তা আরও জানান, প্রথম দফার রিমান্ডে মিন্টুর দেওয়া তথ্যের ভিত্তিতে গত শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে আল-আমিন হোসেন (২৬) ও আনিসুর রহমান (২৫) নামে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না বলেও জানান তিনি।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরা একদল সশস্ত্র দুর্বৃত্তের হামলার শিকার হন পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (৩২)। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে ঢাকার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে মারা যান শাকিল। এ ঘটনায় ১৯ অক্টোবর তাঁর বাবা রবিউল ইসলাম বাদী হয়ে গুরুদাসপুর থানায় হত্যা মামলা করেন।
মামলা হওয়ার পরদিন, ১৯ অক্টোবর রাত ১০টার দিকে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে প্রথম দফায় তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। গ্রেপ্তারের পর মিন্টুকে উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদকের পদ থেকে বহিষ্কার করে দলটি।