🏠︎ » জাতীয় » গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত

শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হলেও থামেনি বিক্ষোভ। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। তাঁদের সরাতে গেলে পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে এক বিজিবি সদস্য এবং কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

সোমবার সকাল থেকে সফিপুর পল্লীবিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। বেলা ১১টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ ও বিজিবি সদস্যরা অভিযান চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হন।

অন্যদিকে, দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় পুলিশের একাধিক গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। এ সময় সময় টিভির এক প্রতিবেদক ও ক্যামেরাপারসনের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ভাঙচুর করা হয়। পাশাপাশি এসএ টিভির এক ক্যামেরাপারসন পায়ে আঘাত পান।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, শ্রমিকেরা আজও বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন। শ্রমিক আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি, জেলা পুলিশ, মহানগর পুলিশ ও শিল্প পুলিশ একসঙ্গে কাজ করছে।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ