২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন জুলাই আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজ। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় মাত্র ১৭ বছর বয়সে গ্রেপ্তার হয়ে আলোচনায় আসেন তিনি। গ্রেপ্তারের পর হাতকড়া ও দড়ি দিয়ে বেঁধে তাকে আদালতে হাজির করার ঘটনায় দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছিল।
আজ শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ফাইয়াজের জিপিএ-৫ পাওয়ার খবর জানা যায়। তিনি ঢাকা কলেজ থেকে এবারের পরীক্ষায় অংশ নেন।
জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যা মামলায় ফাইয়াজকে আসামি করা হয়েছিল। ২০২৪ সালের ২৪ জুলাই রাতে মাতুয়াইলের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় তার বয়স ছিল ১৭ বছর।
২৭ জুলাই আদালতে হাজির করা হলে পুলিশ তার সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত প্রথমে রিমান্ড মঞ্জুর করলেও পরদিন জন্মনিবন্ধন ও এসএসসি সনদ উপস্থাপনের মাধ্যমে তার অপ্রাপ্তবয়স্ক হওয়ার বিষয়টি প্রমাণিত হয়। পরে শিশু আদালত রিমান্ড বাতিল করে তাকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে হাজির করার সময় ফাইয়াজের হাতে হাতকড়া ও দড়ি বাঁধা ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একজন অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে এভাবে আদালতে হাজির করার ঘটনায় মানবাধিকার ও শিশু অধিকার নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
পরবর্তী সময়ে ২০২৫ সালের জুলাইয়ে যাত্রাবাড়ী থানায় করা পুলিশ হত্যা মামলার তদন্তে ফাইয়াজের সম্পৃক্ততার কোনো প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতির সুপারিশ করে তদন্তকারী সংস্থা। আদালত তদন্তের অন্তর্বর্তী প্রতিবেদন গ্রহণ করলে ওই মামলা থেকে অব্যাহতি পান তিনি।