🏠︎ » জাতীয় » সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়াতে চায় কোম্পানিগুলো

সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়াতে চায় কোম্পানিগুলো

দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলো। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং দেশে জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়াকে দাম বাড়ানোর কারণ হিসেবে উল্লেখ করেছে তারা। তবে কোম্পানিগুলোর এ প্রস্তাবে এখনো সম্মতি দেয়নি বাণিজ্য মন্ত্রণালয়।

বর্তমানে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ২০৪ টাকা। কোম্পানিগুলো এ দাম বাড়িয়ে ২১৮ টাকা করতে চায়। একই সঙ্গে পাঁচ লিটারের বোতলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে তারা।

নতুন করে দাম সমন্বয়ের আবেদন জানিয়ে গত ১৩ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। চিঠিতে সংগঠনটি উল্লেখ করেছে, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় সয়াবিন তেলের মূল্য সমন্বয় প্রয়োজন। সংগঠনটির প্রস্তাব অনুযায়ী, ২৫ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর করার কথা থাকলেও বাণিজ্য মন্ত্রণালয় এতে সম্মতি দেয়নি।

চিঠিতে সংগঠনটির নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লা জানান, গত ছয় মাস ধরে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম ঊর্ধ্বমুখী। প্রতি টন ভোজ্যতেলের দাম ১ হাজার ৩০০ ডলার থেকে বেড়ে ১ হাজার ৩২৫ ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারের বর্তমান মূল্য বিবেচনায় উৎপাদন ও সংশ্লিষ্ট ব্যয় হিসাব করলে বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারের দাম প্রায় ২৩৩ টাকা হওয়া উচিত বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এর সঙ্গে দেশের জ্বালানি ও পরিবহন ব্যয় বৃদ্ধির বিষয়টিও তুলে ধরা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, গত ২ সেপ্টেম্বর সর্বশেষ ভোজ্যতেলের দাম সমন্বয়ের সময় সরকার দ্রুত আবার মূল্য পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছিল। কিন্তু দীর্ঘদিন দাম না বাড়ায় লোকসানের মধ্যেও বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে হচ্ছে বলে দাবি করেছে কোম্পানিগুলো।

দ্রুত মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত না এলে বাজারে ভোজ্যতেলের সরবরাহব্যবস্থা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি। বিশেষ করে আসন্ন রমজান মাসে এর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, দেশের বাজারে সর্বশেষ গত ২ সেপ্টেম্বর সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছিল। সে সময় এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ