জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ডাইনিংয়ে পরিবেশিত ভাতের মধ্যে সেদ্ধ টিকটিকি পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। হলের ডাইনিংয়ে খাবারের মান, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে খাবার খেতে গিয়ে ভাতের মধ্যে টিকটিকি দেখতে পান বলে অভিযোগ করেছেন আরেফিন তানভীর নামের এক শিক্ষার্থী। পরে তিনি এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।
ওই শিক্ষার্থীর দাবি, দুপুরের খাবার খাওয়ার সময় প্লেটের প্রায় অর্ধেক ভাত খাওয়ার পর তিনি সেদ্ধ টিকটিকিটি দেখতে পান। পরে বিষয়টি ডাইনিং পরিচালককে জানিয়ে সেখান থেকে চলে যান।
ঘটনাটি জানাজানি হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়। প্রতিদিনের খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে যথাযথ পরিচ্ছন্নতা এবং সতর্কতা বজায় রাখা হচ্ছে কি না, সে প্রশ্ন তুলেছেন তারা। একই সঙ্গে নিরাপদ খাবার নিশ্চিত করতে ডাইনিং ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানো এবং সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে ডাইনিং পরিচালক বলেন, রান্নার সময় পাতিলের ঢাকনা খোলা থাকায় ওপর থেকে টিকটিকিটি ভাতের মধ্যে পড়ে থাকতে পারে। তবে রান্না বা খাবার পরিবেশনের সময় বিষয়টি কারও নজরে আসেনি। অভিযোগ পাওয়ার পরপরই ওই পাত্রের সব ভাত ফেলে দেওয়া হয়েছে।
অগ্নিবীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে খোঁজ নিয়েছেন। দেয়াল থেকে একটি টিকটিকি ভাতের গামলায় পড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে ডাইনিং পরিচালককে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রভোস্ট আরও জানান, অনিচ্ছাকৃত এ ঘটনার জন্য ডাইনিং পরিচালক দুঃখ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট শিক্ষার্থীকে খাবারের টাকা ফেরত দেওয়া হয়েছে। পাশাপাশি ওই পাতিলের অবশিষ্ট ভাত আর পরিবেশন করা হয়নি বলে ডাইনিং পরিচালক জানিয়েছেন।