সকল অংশীজনের সঙ্গে আলোচনা করে সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বেনামি গণমাধ্যমের ফটোকার্ড ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, বাকস্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি কোনো ব্যক্তির সম্মানহানি যাতে না হয়, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
মন্ত্রী আরও বলেন, সাইবার সুরক্ষা আইন সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নেওয়া হবে। আইনটি সংশোধনের মাধ্যমে বাকস্বাধীনতা ও ব্যক্তির মর্যাদা—দুই বিষয়ই বিবেচনায় রাখার কথা জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেনামি গণমাধ্যমের পরিচয়ে বিভিন্ন ফটোকার্ড ছড়িয়ে বিভ্রান্তি বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হলে সরকার তা মোকাবিলায় ব্যবস্থা নেবে বলেও জানান মো. আসাদুজ্জামান।