🏠︎ » বাংলাদেশ » অপরাধ » মরিয়মের লাশ নিতে ১৭ হাজার টাকা ধার করে অ্যাম্বুলেন্স ভাড়া

মরিয়মের লাশ নিতে ১৭ হাজার টাকা ধার করে অ্যাম্বুলেন্স ভাড়া

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরায় নেওয়া হচ্ছে। তবে মরদেহ বাড়িতে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ভাড়া জোগাড় করতেও আর্থিক সংকটে পড়েছে মরিয়মের পরিবার। ভাড়া পরিশোধের জন্য তাদের প্রায় ১৭ হাজার টাকা ধার করতে হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মরিয়মের ফুফা সিকান্দার কালবেলা অনলাইনকে এ তথ্য জানান। তিনি বলেন, মরিয়মের মরদেহ নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া দিতে প্রায় ১৭ হাজার টাকা প্রয়োজন হয়। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় বাধ্য হয়ে ওই টাকা ধার করতে হয়েছে।

মরিয়মের ফুফার অভিযোগ, পরিবারের এমন সংকটের মধ্যেও এমপি পরিবারের পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেননি বা খোঁজ নেননি।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের বিপরীতে অবস্থিত জাতীয় সংসদ সদস্যদের আবাসিক ভবন (ন্যাম ভবন) থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলায় এমপি গাজী নজরুল ইসলামের নামে বরাদ্দ ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানায়, রোববার বিকেলে খবর পেয়ে তারা ওই ফ্ল্যাটে যায়। পরে রাতে কক্ষের দরজা খুলে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন

সর্বশেষ