নিজস্ব প্রতিবেদক
সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যার অভিযোগ এনেছে প্রসিকিউশন। এ ছাড়া সাক্ষীদের বর্ণনায় ১৫০ থেকে ২০০ জনকে নির্বিচারে হত্যার তথ্য উঠে এসেছে বলে দাবি করা হয়েছে। গুম, গোপন বন্দিশালা, পরিকল্পিত হত্যাকাণ্ড এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জবানবন্দির ভিত্তিতে এসব অপরাধের চিত্র উন্মোচিত হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তার দাবি, বাংলাদেশের বিচারিক ইতিহাসে একজন ব্যক্তির বিরুদ্ধে এত বিপুলসংখ্যক হত্যাকাণ্ডের অভিযোগ এবং গুমের ঘটনায় এ ধরনের বিচারপ্রক্রিয়া নজিরবিহীন।
চিফ প্রসিকিউটর বলেন, গুমের ঘটনায় বাংলাদেশে এই প্রথম কোনো মামলার যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে। একই ব্যক্তির বিরুদ্ধে এত বেশি হত্যাকাণ্ডের অভিযোগও আগে কখনো আসেনি। তার ভাষায়, ‘গুমের ঘটনার ওপর কোনো আর্গুমেন্ট এটাই আমাদের ট্রাইব্যুনালে বা বাংলাদেশে প্রথম। এ ছাড়া এত হত্যাকাণ্ড, একজন ব্যক্তি দ্বারা এত হত্যাকাণ্ডের ঘটনা এর আগে কখনো ঘটেনি।’
মঙ্গলবার যুক্তিতর্কের বিরতির সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল ইসলাম জানান, এ মামলায় তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াসহ কয়েকজন সামরিক কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ একসময় অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। পরবর্তী সময়ে তারা ঘটনার ভেতরের তথ্য প্রকাশ করেন। এ কারণে তাদের আসামি না করে সাক্ষী করা হয়েছে।
এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, ‘এই ঘটনাগুলো যেহেতু কেউ দেখেনি, যারা দেখেছেন তারা তাদেরই অ্যাকমপ্লিস ছিল। সে কারণে আমাদের আইনে এর সমর্থন আছে, অ্যাকমপ্লিসদের সাক্ষী বানানোর বিধান রয়েছে।’
এদিকে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করতে গিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এ ধরনের অপরাধের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটি শুধু আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের বিষয় নয়, বরং রাষ্ট্র ও দেশের মানুষের প্রতিও দায়িত্ব। তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ধরনের অপরাধের বিচার এবং সেই বিচারের এমন দৃশ্যমান বিচার, যেন ভবিষ্যতে কেউ কোনো রকম তার পদ-পদবি ব্যবহার করে এ ধরনের ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত হতে না পারেন।’
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, অভিযুক্ত জিয়াউল আহসান সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। তার বিরুদ্ধে সাবেক সেনাপ্রধানসহ সেনাবাহিনীর অন্য কর্মকর্তারা সাক্ষ্য দিয়েছেন। কয়েকজন ব্যক্তির অপরাধের কারণে পুরো সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা ও সম্মান যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটিও বিবেচনায় রাখা প্রয়োজন। মামলার সাক্ষ্যে উঠে এসেছে, অভিযুক্তের সঙ্গে কাজ করা কিছু কর্মকর্তার একপর্যায়ে বিবেক জাগ্রত হয়েছিল এবং তারা এসব কর্মকাণ্ড থেকে সরে এসেছিলেন। এ ছাড়া জিয়াউল আহসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, যার তদন্ত ও বিচার দুর্নীতি দমন কমিশন পৃথকভাবে করছে।
যুক্তিতর্কে বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে মানবতাবিরোধী অপরাধের বিচারের নজির তুলে ধরার কথা জানান অ্যাটর্নি জেনারেল। এ জন্য মামলার সাক্ষ্য, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং প্রসিকিউশনের উপস্থাপিত তথ্য-উপাত্ত সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে তিনি ট্রাইব্যুনালে এসেছেন। মামলার শুরুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। তাজুল ইসলামের কাছ থেকে মামলার ভেতরের অনেক তথ্য ও প্রত্যক্ষ অভিজ্ঞতা জেনেছেন বলেও জানান।
অন্যদিকে, মামলার তদন্তের সময় কীভাবে গুম ও হত্যার তথ্য বেরিয়ে এসেছে, তা তুলে ধরেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, গুমের শিকার ব্যক্তিদের ধরে নিয়ে যাওয়ার পর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ফলে এসব হত্যাকাণ্ডের তথ্য উদ্ঘাটন করা ছিল অত্যন্ত কঠিন। তদন্তের সময় ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্য থেকে ভেতরের সাক্ষী বা ইনসাইডার উইটনেস খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়।
এ জন্য গুম কমিশন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং র্যাবে কর্মরত সাবেক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। সেনাবাহিনীর অনুমতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাধিক দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।
তাজুল ইসলাম বলেন, ‘পঞ্চম দিনের মাথায় গিয়ে তারা হয়তো ব্রেকডাউন করেছেন। তারা বলতে শুরু করেছেন যে, আসলে আমরা এই করেছি।’ তাদের কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে অন্য কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। এভাবে ছোট একটি সূত্র ধরে গুম ও হত্যার পুরো ঘটনার চিত্র উন্মোচন করা সম্ভব হয় বলে জানান তিনি।
চটদোয়ানি অভিযান প্রসঙ্গে সাবেক এই চিফ প্রসিকিউটর জানান, একজন অবসরপ্রাপ্ত র্যাব কর্মকর্তার দেওয়া তথ্যের সূত্র ধরে সেখানে কয়েকশ মানুষকে হত্যার ঘটনার তথ্য পাওয়া গেছে।
গুমের শিকার ব্যক্তিদের পরিবারের দুর্ভোগের কথা তুলে ধরে তাজুল ইসলাম বলেন, ‘তাদের স্বজনরা জানেনই না যে কবে তার মৃত্যু হয়েছে, কবে কোথায় তার কবর হয়েছে।’ দীর্ঘদিন ধরে স্বজনদের অপেক্ষা ও কান্নার অবসান ঘটাতে এ ধরনের অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান প্রসিকিউশন টিমকে সহযোগিতার প্রত্যয় জানিয়ে তাজুল ইসলাম বলেন, ‘আমাদের অভিজ্ঞতা, আমাদের জ্ঞান, আমাদের ভালোবাসা সবকিছু দিয়ে আমরা চাই এই সুষ্ঠু বিচারটা হোক।’ বর্তমান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম যোগ্যতার সঙ্গে বিচারপ্রক্রিয়ার দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
তাজুল ইসলাম আরও বলেন, ‘এই জাতিকে এই গুমের অভিশাপ থেকে মুক্তি দিতে হবে। অ্যান্ড নেভার অ্যাগেইন, এই মাটিতে আর গুম কখনো ফিরে আসতে পারবে না।