🏠︎ » জাতীয় » অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী

অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সরকারের বিরুদ্ধে বিভিন্ন মহলের চলমান অপপ্রচার ও কলঙ্কলেপনের প্রতিবাদে দিকনির্দেশনামূলক কর্মসূচি গ্রহণের বিষয়ে ওই আলোচনা অনুষ্ঠিত হয়।

রিজভী বলেন, জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়েছে। মূল্য সমন্বয়ের আগে ডিজেলের দাম ছিল ১১৫ টাকা। তখন প্রতি লিটারে প্রায় ৯০ টাকা ভর্তুকি দিতে হতো। নতুন দাম নির্ধারণের পরও সরকারকে লোকসান গুনতে হবে বলে দাবি করেন তিনি। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ২১ সেপ্টেম্বর থেকে ডিজেলের নতুন দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিরোধী দলগুলোর সমালোচনা করে রিজভী বলেন, কম দামে কীভাবে জ্বালানি সরবরাহ করা যায়, সে বিষয়ে বিকল্প প্রস্তাব দেওয়ার পরিবর্তে লংমার্চ করে বিএনপির প্রধান নেতা ও সরকারের বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা একটি গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য নয় বলে তিনি মনে করেন।

তিনি বলেন, জ্বালানি, গ্যাস ও বিদ্যুতের সংকট কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে বিরোধী দলগুলোর সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া উচিত। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহের ওপরও প্রভাব পড়ছে বলে উল্লেখ করেন তিনি। হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনের বিষয়টি তুলে ধরে রিজভী প্রশ্ন করেন, এর জন্য সরকার কতটা দায়ী।

রিজভীর দাবি, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন দেশ থেকে গ্যাস ও জ্বালানি এনে জাতীয় গ্রিডে সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে। তাঁর মতে, এসব উদ্যোগের ফলে বিদ্যুৎ ও গ্যাসের সংকট ধীরে ধীরে কমে আসছে।

এ সময় বিভিন্ন যানবাহনে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের প্রসঙ্গও তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে শুধু ‘পরাজিত শক্তি’ নয়, অন্য কেউ যুক্ত আছে কি না—তা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

রিজভী আরও অভিযোগ করেন, জনগণের স্বার্থে নেওয়া বিভিন্ন পদক্ষেপকে ব্যঙ্গ করে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। তাঁর দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি গোষ্ঠী।

আরও পড়ুন

সর্বশেষ