🏠︎ » বাংলাদেশ » অপরাধ » অপ্রতিম হত্যা: দুই আসামি কারাগারে, সংশোধনাগারে যাচ্ছে দুইজন

অপ্রতিম হত্যা: দুই আসামি কারাগারে, সংশোধনাগারে যাচ্ছে দুইজন

কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদের মধ্যে দুই কিশোরকে গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অপর দুই আসামি তুহিন (১৯) ও সিয়াম (১৯) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকবে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, চার আসামিকে কুমিল্লা কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী দুই কিশোর ফাহাদ ও কামরুলকে সংশোধনাগারে পাঠানো হবে। অপরদিকে তুহিন ও সিয়ামকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রাখা হবে। সিয়ামকে এ মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, হত্যা মামলায় পুলিশ রাতে চার আসামিকে কারাগারে হস্তান্তর করেছে। তাদের মধ্যে দুই কিশোরকে সোমবার গাজীপুর জেলার টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।

এর আগে রোববার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সংবাদ সম্মেলনে জানান, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিমকে হত্যা করা হয়েছে।

এদিকে, রোববার রাতে সিয়াম ছাড়া অপর তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ সাদেকুর রহমান।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার নিখোঁজ হওয়ার পর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের লালমাই সানন্দা পাহাড় এলাকার জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ