🏠︎ » বাংলাদেশ » অপরাধ » রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেড়া কেটে তৈরি হচ্ছে গোপন পথ, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেড়া কেটে তৈরি হচ্ছে গোপন পথ, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার জন্য নির্মিত কাঁটাতারের বেড়ার একাধিক স্থানে কেটে অবৈধ চলাচলের পথ তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব পথ ব্যবহার করে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে অবাধ যাতায়াত চলছে। তাদের আশঙ্কা, এই গোপন পথগুলো এখন শুধু চলাচলের মাধ্যম নয়, বরং ইয়াবা পাচার, অপহরণ, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িতদের নিরাপদ রুটে পরিণত হয়েছে।

সরেজমিনে কুতুপালং ও বালুখালী ক্যাম্পসংলগ্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন স্থানে কাঁটাতারের বেড়ার নিচের অংশ কেটে কিংবা পুরো অংশ সরিয়ে মানুষের চলাচলের উপযোগী পথ তৈরি করা হয়েছে। এসব পথ দিয়ে বাধাহীনভাবে ক্যাম্পে প্রবেশ ও বের হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দিনের পাশাপাশি রাতের আঁধারেও এসব পথ ব্যবহার করে রোহিঙ্গাদের যাতায়াত অব্যাহত রয়েছে। তাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে উখিয়া ও টেকনাফ এলাকায় অপহরণ, মুক্তিপণ আদায়, ইয়াবা পাচার, অস্ত্র বহন, চুরি, ডাকাতি এবং শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে।

স্থানীয়দের দাবি, অপরাধ সংঘটনের পর অনেক দুর্বৃত্ত কাঁটাতারের কাটা অংশ দিয়ে দ্রুত ক্যাম্পে ঢুকে পড়ছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য তাদের শনাক্ত ও গ্রেপ্তার করা আরও কঠিন হয়ে উঠছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোহিঙ্গাদের অনিয়ন্ত্রিত চলাচল সীমিত করা, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছিল। তবে নিয়মিত তদারকির ঘাটতি ও দুর্বল নজরদারির সুযোগে বিভিন্ন স্থানে বেড়া কেটে অবৈধ পথ তৈরি হওয়ায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কাটা অংশ দিয়ে প্রতিনিয়ত যাতায়াত চলছে। দ্রুত এসব পথ বন্ধ না করা হলে এলাকার মানুষের নিরাপত্তা ঝুঁকির মধ্যেই থাকবে।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা শুধু ক্যাম্পবাসীর নয়, উখিয়া-টেকনাফ অঞ্চলের সামগ্রিক নিরাপত্তার সঙ্গেও জড়িত। যারা কাঁটাতারের বেড়া কেটে অবৈধ পথ তৈরি করছে, তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার এবং যৌথ টহল জোরদার করা প্রয়োজন।

উখিয়া অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরেই স্থানীয়রা ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবাধ চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তার মতে, কাঁটাতারের বেড়ায় ফাঁক থেকে গেলে ইয়াবা পাচার, অপহরণসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন হবে। তাই শুধু বেড়া নির্মাণ করলেই হবে না, এর কার্যকর রক্ষণাবেক্ষণ এবং সার্বক্ষণিক পাহারাও নিশ্চিত করতে হবে।

উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী বলেন, সরকার বিপুল অর্থ ব্যয়ে ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। কিন্তু সেই বেড়া কেটে যদি অবৈধ চলাচলের পথ তৈরি হয়, তাহলে পুরো নিরাপত্তা ব্যবস্থাই দুর্বল হয়ে পড়ে। তার মতে, বিষয়টি কেবল স্থানীয় নয়, জাতীয় নিরাপত্তার সঙ্গেও সম্পৃক্ত। তাই ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত এবং সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা জরুরি।

এ বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, রোহিঙ্গা ক্যাম্পকে কেন্দ্র করে অপরাধ দমনে পুলিশ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। কাঁটাতারের বেড়া কেটে অবৈধ চলাচল বা অপরাধ সংঘটনের বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্যাম্প ও আশপাশের এলাকায় নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুন

সর্বশেষ