🏠︎ » বাংলাদেশ » অপরাধ » কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০টির বেশি যানবাহনে ডাকাতি, পাহাড়ে পুলিশের অভিযান

কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০টির বেশি যানবাহনে ডাকাতি, পাহাড়ে পুলিশের অভিযান

কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় একই দিনে দুই দফায় ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টা ও দুপুর আড়াইটার দিকে অস্ত্রধারী মুখোশপরা ডাকাত দল অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহনের যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতির শিকার যানবাহনের বেশির ভাগই সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল।

এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না এবং লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য কত, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পাহাড়ি এলাকায় অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

ডাকাতির কবল থেকে পালিয়ে আসা রামু উপজেলার ঈদগড় এলাকার বাসিন্দা মোহাম্মদ তারেক জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ঈদগাঁও থেকে ঈদগড়ের দিকে যাওয়ার পথে হিমছড়ি ঢালায় পৌঁছায়। এ সময় হঠাৎ মুখোশধারী ডাকাত দল তাঁদের ওপর হামলা চালায়। ডাকাতরা তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিলে প্রাণ বাঁচাতে তিনি দ্রুত সেখান থেকে পালিয়ে যান। পরে অন্য যাত্রীদের কী হয়েছে, তা তিনি জানতে পারেননি।

একই স্থানে দুপুর আড়াইটার দিকে দ্বিতীয় দফায় ডাকাতির ঘটনা ঘটে। এ সময় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয় ডাকাতরা। ভুক্তভোগীদের মধ্যে একটি বেসরকারি এনজিওর হিসাবরক্ষক আব্দুল হাকিমও রয়েছেন।

আব্দুল হাকিম জানান, দুপুরে ঈদগড় থেকে ঈদগাঁও যাওয়ার পথে তাঁদের অটোরিকশা হিমছড়ি ঢালায় পৌঁছালে অস্ত্রধারী মুখোশপরা ডাকাতরা যানবাহনের গতিরোধ করে। পরে কয়েকটি অটোরিকশার যাত্রীদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র লুট করে তারা পাহাড়ের দিকে চলে যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

ডাকাতির খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের সঙ্গে নিয়ে পাহাড়ি এলাকায় তল্লাশি শুরু করা হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, ডাকাতির ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। তবে খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিকেল ৩টা থেকে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও পুলিশ সদস্যদের নিয়ে পাহাড়ি এলাকায় অভিযান চলছে।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ