নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সোয়া ৪টার দিকে বনপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার ১৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বনপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন জানান, বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও পাঁচজন মারা যান। দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তার হামিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, সংঘর্ষে বাসটি দুমড়েমুচড়ে যায়। বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে উদ্ধারকর্মীদের বেগ পেতে হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস দুর্ঘটনাটিকে মর্মান্তিক উল্লেখ করে বলেন, সড়কটি প্রশস্ত করার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি।
দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসনের কর্মকর্তারা।