চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে কেরোসিন বা অকটেনজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে বাড়িটিতে আগুন জ্বলতে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বুধবার দিবাগত রাত দেড়টার দিকে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় টহলরত পুলিশ সদস্যরা কক্ষটির ভেতরে আগুন দেখতে পান। পরে বাড়ির কেয়ারটেকারের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ওসি আরও জানান, নিরাপত্তাকর্মীদের কাছ থেকে জানা গেছে, প্রায় ১৫ বছর ধরে ওই কক্ষে কারও যাতায়াত নেই। কক্ষটিতে পুরোনো কাঠের আসবাবপত্র রাখা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেরোসিন বা অকটেনজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ভবনটির পূর্ব পাশে নিচতলায় অবস্থিত কক্ষটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় রয়েছে। সেখানে পুরোনো কাঠের আসবাবপত্র ও ভাঙা চেয়ারের অংশবিশেষ রাখা ছিল। ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করেন।
ওসি মোজাম্মেল হক জানান, ভবনটির নিরাপত্তায় পুলিশ সদস্যরা পালাক্রমে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুন লাগার পেছনে কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে। একই সঙ্গে বাড়িটির আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি পেট্রোল বোমা নিক্ষেপের কারণে ঘটেছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।