নওগাঁর ধামইরহাট উপজেলায় সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার উদ্দেশ্যে বৃদ্ধ মাকে হত্যার চেষ্টা ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের বাসিন্দা আনজুমান আরা (৬৮)-এর নামে কিছু সম্পত্তি রয়েছে। অভিযোগ অনুযায়ী, সেই সম্পত্তি নিজের নামে লিখে নিতে চাপ সৃষ্টি করে তার ছেলে মো. আসাদুজ্জামান শামীম (৩৭)।
গত ৭ জুন অভিযুক্ত শামীম ইট দিয়ে মায়ের মাথায় আঘাত করে বলে অভিযোগ রয়েছে। পরে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর ১৪ জুন আবারও ধারালো চাকু দিয়ে বৃদ্ধার ডান পায়ের রগ কেটে দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ধামইরহাট থানায় দণ্ডবিধির ৩২৩, ৩২৬, ৩০৭ ও ৫০৬(২) ধারায় মামলা দায়ের করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশ কয়েকদিন ধরে বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টার দিকে আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রাম থেকে অভিযুক্ত মো. আসাদুজ্জামান শামীমকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “পিতা-মাতার ওপর নির্যাতনকারী এমন কুলাঙ্গারদের বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, বৃদ্ধ মা–বাবার ওপর নির্যাতনের মতো নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
এম.এ গফুর ||নওগাঁ প্রতিনিধি