🏠︎ » জাতীয় » সব সরকারি প্রশিক্ষণকে সমন্বিত কাঠামোয় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

সব সরকারি প্রশিক্ষণকে সমন্বিত কাঠামোয় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অভিন্ন সিলেবাসের মাধ্যমে প্রশিক্ষণ পরিচালনা এবং জাতীয় মানদণ্ড অনুযায়ী সনদ প্রদানের ব্যবস্থা করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশি-বিদেশি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরিতে এনএসডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ কর্মীদের চাহিদা ও গ্রহণযোগ্যতা বাড়ানোর ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি কার্যকর ভূমিকা রাখতে পারে।

দেশের তরুণদের দক্ষতা উন্নয়নে বিদ্যমান প্রশিক্ষণ কার্যক্রমে সমন্বয়ের ঘাটতির বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে যুবসমাজকে দক্ষ করে তুলতে নানা ধরনের প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। কিন্তু যথাযথ সমন্বয় না থাকায় এসব প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট সনদ অনেক ক্ষেত্রেই প্রত্যাশিত কার্যকারিতা অর্জন করতে পারছে না।

এর ফলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এসব সনদের ভিত্তিতে তরুণরা কাঙ্ক্ষিত স্বীকৃতি পাচ্ছেন না বলে উল্লেখ করেন তিনি। এ সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এনএসডিএর গভর্নিং বডিকে নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমকে একটি অভিন্ন ও সমন্বিত কাঠামোর মধ্যে আনতে হবে। পাশাপাশি একই ধরনের সিলেবাস অনুসরণ করে প্রশিক্ষণ এবং সনদ দেওয়ার ব্যবস্থা গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রীর মতে, অভিন্ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ ও সনদায়ন ব্যবস্থা চালু করা সম্ভব হলে তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের গ্রহণযোগ্যতা এবং সনদের স্বীকৃতিও বাড়বে।

আরও পড়ুন

সর্বশেষ