পাহাড়ের চলমান অস্থিরতা এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের কারণে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবান জেলার পূর্বনির্ধারিত তিন দিনের সফর বাতিল করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, ২৮ অক্টোবর বুধবার চট্টগ্রাম, ২৯ অক্টোবর বৃহস্পতিবার রাঙামাটি এবং ৩০ অক্টোবর শুক্রবার বান্দরবান সফরে যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতির।
রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল কর্মকর্তা আবুল কালাম মো. লুৎফর রহমান সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাহাড়ের সাম্প্রতিক পরিস্থিতির কারণে রাষ্ট্রপতির নির্ধারিত সফরসূচি বাতিল করা হয়েছে। ফলে তিন জেলার কোনো সফরেই যাচ্ছেন না তিনি।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বুধবার চট্টগ্রামে পুরাতন হাউজ পরিদর্শন এবং একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল রাষ্ট্রপতির। পরে চট্টগ্রাম সার্কিট হাউজে রাতযাপন শেষে বৃহস্পতিবার রাঙামাটিতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল।
এরপর বৃহস্পতিবার বিকেলে বান্দরবানের নীলগিরিতে পৌঁছে সেখানে রাতযাপন করার কথা ছিল তাঁর। শুক্রবার কেওক্রাডং পরিদর্শনের মধ্য দিয়ে তিন জেলার সফরসূচি শেষ হওয়ার পরিকল্পনা ছিল।
তবে পাহাড়ের চলমান অস্থিরতা ও সাজেকে সড়ক অবরোধের প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে পূর্বনির্ধারিত সফরসূচি বাতিল করা হয়েছে।