নিজস্ব প্রতিবেদক
দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনসেবামূলক কার্যক্রম সহজ করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্তও অনুমোদিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী নামক স্থানে ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। এর ফলে ওই এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নতুন থানা ভূমিকা রাখবে।
এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলার অধীনে ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে মোকামতলা এলাকার বাসিন্দাদের থানা-সংক্রান্ত সেবা আরও সহজলভ্য হবে।
নতুন দুটি পৌরসভা গঠনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এর মধ্যে বগুড়া জেলার মোকামতলা উপজেলাধীন ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন ‘জৈন্তাপুর’ পৌরসভা রয়েছে।
অন্যদিকে, ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রাখতে উপজেলার ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে মটবী ও চরচামিতা মৌজায় সদর দপ্তর স্থাপনের প্রস্তাব থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় তা স্থাপন করা হবে।
একইভাবে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তরও স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় নতুন সদর দপ্তর স্থাপন করা হবে।
সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগী মন্ত্রণালয় হিসেবে দায়িত্ব পালন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, নতুন পৌরসভা গঠন এবং উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবগুলো স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে উত্থাপন করা হয়েছে।