তরুণ ইসলামী বক্তা হাফেজ জুবায়ের আহমাদ তাশরীফ পারিবারিক দ্বন্দ্ব এবং মা-বাবার পরস্পরবিরোধী বক্তব্য নিয়ে প্রকাশ্যে আর কথা না বলার সিদ্ধান্ত জানিয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পোস্টে তাশরীফ লেখেন, ‘আপাতত থেমে গেলাম। ইনশাআল্লাহ, এ বিষয়ে আর কথা বলব না। তবে ধৈর্যের বাঁধ ভাঙলে হয়তো বলতে হবে। বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটোই নষ্ট করে। সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন সকল ফিতনা ও ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আমিন।’
এর আগে দেওয়া আরেকটি পোস্টে তিনি একটি ৩ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিওতে ‘টাকা’ শব্দটি ২২ বার ব্যবহারের বিষয়টি উল্লেখ করেন। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তাশরীফের বাবা অভিযোগ করেন, ছেলে বিত্তশালী হলেও তাঁর অসুস্থতা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন না।
বাবার এমন অভিযোগের পর তাশরীফের মা ফেসবুকে দেওয়া এক সাক্ষাৎকারে তা প্রত্যাখ্যান করেন। তাঁর দাবি, ছেলের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে বাবা বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন।
পারিবারিক বিষয় নিয়ে মা-বাবার পাল্টাপাল্টি বক্তব্যের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। এর আগে মাদরাসার এক শিক্ষককে ঘিরে ঘটে যাওয়া একটি সংবেদনশীল ঘটনায় সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান তুলে ধরেও আলোচনায় এসেছিলেন হাফেজ জুবায়ের আহমাদ তাশরীফ।