🏠︎ » উন্নয়ন ও জনদুর্ভোগ » সুনামগঞ্জে দুই সেতুর নির্মাণকাজে বাধা, কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ এমপির বিরুদ্ধে

সুনামগঞ্জে দুই সেতুর নির্মাণকাজে বাধা, কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ এমপির বিরুদ্ধে

সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল ও তাঁর লোকজনের বিরুদ্ধে দুটি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া এবং এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদার শফিকুল ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়েও একই অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য নুরুল ইসলাম।

অভিযোগে ঠিকাদার শফিকুল ইসলাম চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি, পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন, হয়রানি এবং সরকারি উন্নয়নকাজে বাধা দেওয়ার বিষয়গুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

জানা গেছে, ইসলাম ট্রেডার্সের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিরখলা-১ ও সালামপুর সেতুর নির্মাণকাজ করছেন। প্রায় ৮৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্প দুটির কাজ চলছে। ঠিকাদারের অভিযোগ, বিভিন্ন সময়ে এসব নির্মাণকাজে বাধা দেওয়া হয়েছে। গত ২০ অক্টোবর দুই দফায় মুক্তিরখলা-১ সেতুর কাজ বন্ধ করে দেওয়া হয়। সর্বশেষ মঙ্গলবার সালামপুর সেতুর নির্মাণকাজও বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

শফিকুল ইসলামের অভিযোগ, সংসদ সদস্য নুরুল ইসলাম ও তাঁর লোকজন বিভিন্ন সময়ে তাঁর কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করেছেন। দাবিকৃত টাকা না দেওয়ায় বিভিন্ন ব্যক্তি ও মাধ্যমে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।

অভিযোগের দিন মঙ্গলবার বিকেলে সালামপুর সেতুর নির্মাণকাজ নিয়ে প্রশ্ন তুলে কাজ বন্ধ রাখতে বলেন সংসদ সদস্য নুরুল ইসলাম এমন দাবি করেছেন ঠিকাদার। এ সময় তাঁর লোকজন কয়েকজন শ্রমিককে মারধর করেন বলেও অভিযোগ উঠেছে। এতে নির্মাণকাজে ব্যবহৃত রোলারের চালক মনির, পে-লোডার চালক কবির আহমদ ও সাইট ঠিকাদার হোসেন আহমদ আহত হন বলে জানা গেছে।

অভিযোগে আরও বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর সুনামগঞ্জ সার্কিট হাউসের সামনের সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ১৮ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় শফিকুল ইসলামকে ৫১ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া গত বছরের ২৮ মার্চ জামালগঞ্জ থানার বেহেলী ইউনিয়নের করালজান বিল গ্রুপ (খ) জলমহালের অন্তর্গত কাবিলার বিল থেকে মাছ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে ১৩ নম্বর আসামি করা হয়। এ ঘটনায় তাঁর সিলেটের বাসায় পুলিশ পাঠানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শফিকুল ইসলামের ভাষ্য, গত ৫ অক্টোবর জেলা যুবদলের এক নেতা তাঁকে ফোন করে হুমকি দেন। পরে ২০ অক্টোবর সুনামগঞ্জ পৌর যুবদলের এক নেতা ফোন করে সংসদ সদস্যের সঙ্গে দেখা করে বিষয়টি মীমাংসা করার জন্য চাপ দেন।

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল। তিনি বলেন, ঠিকাদার শফিকুল ইসলামকে ব্যক্তিগতভাবে চেনেন না। মঙ্গলবার একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে স্থানীয় লোকজন সালামপুর সেতুর গার্ডওয়াল নির্মাণে অনিয়মের বিষয়টি তাঁকে দেখান। বিষয়টি যাচাই করতে বুধবার নির্বাহী প্রকৌশলীকে সঙ্গে নিয়ে সেখানে যাওয়ার কথা ছিল বলে জানান তিনি।

চাঁদা দাবি বা নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে নুরুল ইসলাম বলেন, কাজের অনিয়ম নিয়ে কথা বলার কারণে তাঁর বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করা হয়েছে। তাঁর দাবি, উন্নয়নকাজ নিয়ে চাঁদা দাবি তো দূরের কথা, কাউকে ধমকও দেননি। ঠিকাদারকে পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, মামলা হলে পুলিশ আইন অনুযায়ী কাজ করবে।

বুধবার দুপুরে আবারও সালামপুর সেতু পরিদর্শন করেন সংসদ সদস্য নুরুল ইসলাম। এ সময় তিনি বলেন, স্থানীয় বাসিন্দারা কাজের অনিয়ম ও ধীরগতির অভিযোগ করায় তিনি নির্মাণকাজ দেখতে গিয়েছিলেন। তাঁর ভাষ্য, কাজের ধীরগতির কারণে এলাকাবাসী ভোগান্তিতে রয়েছেন।

এ সময় উপস্থিত সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, নির্মাণকাজে অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। কাজের গতি ধীর উল্লেখ করে তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে ঠিকাদারকে চাপ দেওয়া হচ্ছে।

চাঁদা দাবি, নির্মাণকাজে বাধা ও শ্রমিকদের মারধরের অভিযোগগুলোর বিষয়ে তদন্তের ফলাফল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ