তপু রায়হান রাব্বি || ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি:
ধর্মের ঊর্ধ্বে মানবতার বন্ধন — এই স্লোগানকে সামনে রেখে ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের শ্যামপুরে পালিত হলো বিশ্ব শান্তি প্রার্থনা দিবস (World Day of Prayer for Peace)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের সময় পাদুয়ার সাধু আন্তনীর ধর্মপল্লী, শ্যামপুরে আন্তঃধর্মীয় সংলাপ কমিশন, ময়মনসিংহের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হিন্দু, মুসলিম, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ অংশ নিয়ে বিশ্বে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের জন্য প্রার্থনা করেন।
অনুষ্ঠানটি ভাইটকান্দি ইউপি ৭নং ওয়ার্ড মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইটকান্দি ইউপি বিএনপির আহবায়ক শাহ্ সালাউদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন ভাইটকান্দি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শাহ মোজাম্মেল,তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি তপু রায়হান রাব্বি, শিক্ষা বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন, বাংলাদেশ জামাতে ইসলাম ভাইকান্দি ইউপি শাখার সভাপতি ইসমাইল হোসেন, সাদ্দাম, মোঃ আলী আকবর, মোঃ মিজানুর রহমান, মোঃ শাহিন মিয়া, মোঃ ইসমাইল হোসেন, মোঃ লালু মিয়া, মোঃ শাহিন সরকার ও মোঃ মতিউর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এতে ধর্মীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, ফাদার নরবার্ট গমেজ, সমন্বয়কারী, আন্তঃধর্মীয় সংলাপ কমিশন, ময়মনসিংহ। এছাড়াও ভারতের কেলারাম থেকে আগত ফাদার ফার্নাতো, পাল-পুরোহিত, সাধু আন্তনীর কাপুচিন মিশন, শ্যামপুর; ফাদার মিঠুন ও ফাদার লিদিন, সহকারী পাল-পুরোহিত, সাধু আন্তনীর কাপুচিন মিশন।
বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র মানবজাতির ঐক্য, সহমর্মিতা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠার এক অনন্য প্রতীক। এটি প্রমাণ করে যে ধর্মের মূল বাণী বিভেদ নয়, বরং মানবতার কল্যাণ ও শান্তি আনে। ধর্ম মানুষকে ভাগ করে না, বরং মানুষকে মানুষের কাছে টেনে আনে। শান্তি প্রতিষ্ঠায় সব ধর্মের মানুষকে একসাথে কাজ করতে হবে। অনুষ্ঠানজুড়ে ছিল সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ। ব্যানারে শান্তির প্রতীক সাদা পায়রা ও সব ধর্মের প্রতীক সবার নজর কাড়ে।
সব শেষে সকলের মঙ্গল ও বিশ্ব শান্তি কামনা করে প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।