নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের ঢেমশা শাখায় গভীর রাতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। তবে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে শাখাটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
শাখা ব্যবস্থাপক মীর লায়েক আলী জানান, গভীর রাতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ঘুমিয়ে ছিলেন। এ সময় হঠাৎ একজনের ঘুম ভেঙে যায়। তিনি জানালা দিয়ে অস্বাভাবিক আলো দেখতে পেয়ে বাইরে তাকালে নিচে আগুন জ্বলতে দেখতে পান। পরে চিৎকার করে অন্যদের সতর্ক করেন।
তিনি বলেন, তার চিৎকার শুনে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও আবাসিক এলাকার লোকজন দ্রুত নিচে নেমে আসেন। পরে ব্যাংকের এরিয়া ম্যানেজার, প্রোগ্রাম অফিসারসহ আবাসিক এলাকার প্রায় ১১ জন মিলে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর ব্যাংকের আশপাশের সড়ক ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি।
শাখা ব্যবস্থাপক আরও জানান, ঘটনার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সাতকানিয়া এনএসআই ইনচার্জের সঙ্গেও ফোনে কথা হয়েছে। এ ছাড়া সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষ যোগাযোগ করে। পরে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, এখনো ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ করা হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে সেখানে বোতলজাতীয় কোনো কিছু দিয়ে আগুন লাগানোর আলামত পাওয়া গেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।