🏠︎ » অর্থনীতি » গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, বন্ধ ঘোষণা ৩৯ কারখানা

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, বন্ধ ঘোষণা ৩৯ কারখানা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি দ্রুত কার্যকরের দাবিতে গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। শ্রমিকদের অবস্থানের কারণে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে মহানগরীর মোট ৩৯টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি ও হারিকেন এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর ছয়দানা মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে কলম্বিয়া গার্মেন্টসের সামনে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা মহাসড়কে অবস্থান নিলে উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, আনসার ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে মহানগরীর ১০টি পোশাক কারখানা বুধবারের জন্য বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া এ পর্যন্ত মোট ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে অন্য কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। শিল্পাঞ্চল ও মহাসড়কের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ