🏠︎ » বাংলাদেশ » আইন ও বিচার » ময়মনসিংহে মাদকসহ গ্রেপ্তার ওলামা দলের নেতার বহিষ্কারের দাবি সহকর্মীদের

ময়মনসিংহে মাদকসহ গ্রেপ্তার ওলামা দলের নেতার বহিষ্কারের দাবি সহকর্মীদের

ময়মনসিংহে ১৪ বোতল ভারতীয় মাদকসহ গ্রেপ্তার হয়েছেন উত্তর জেলা ওলামা দলের সদস্যসচিব শামীম হোসেন ও তাঁর দুই সহযোগী। এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগ তুলে তাঁকে দ্রুত বহিষ্কারের দাবি জানিয়েছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গত ৮ নভেম্বর ময়মনসিংহের ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর সেলিম মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পরে তাঁদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে তাঁরা ময়মনসিংহ জেলা কারাগারে বন্দি রয়েছেন।

ময়মনসিংহ উত্তর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মাহবুবুর রহমান বলেন, দলের কোনো নেতাকর্মীর ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না। এ ধরনের ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া জরুরি।

ময়মনসিংহ উত্তর জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। অভিযুক্ত নেতার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।

একই দাবি জানিয়ে ময়মনসিংহ উত্তর জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া বলেন, এ ধরনের ঘটনা সংগঠনের জন্য বিব্রতকর। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।

এদিকে, ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী যুবদলের সহসভাপতি এবং বিএনপির গৌরীপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও শামীম হোসেনকে দ্রুত বহিষ্কারের দাবি জানিয়েছেন।

মতিউর রহমান মতি, ময়মনসিংহ

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ