সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। একই সঙ্গে গণমাধ্যমের প্রভাব তুলে ধরে তিনি বলেছেন, যে মিডিয়া কাউকে ‘হিরোইন’ বানাতে পারে, সেই মিডিয়াই তাকে ‘জিরোইন’ বানিয়ে দিতে পারে।
সোমবার (৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন হিরো আলম।
গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আজকে যদি মিডিয়া না থাকত, তাহলে আমি হিরো আলম আপনাদের সামনে আসতে পারতাম না। এই মিডিয়ার কারণেই আজকে আমি হিরো আলম হয়েছি।’
পরীমনির আচরণ প্রসঙ্গে হিরো আলম বলেন, সেলিব্রিটি ও গণমাধ্যমসংশ্লিষ্ট সবারই সাংবাদিকদের প্রতি সম্মান দেখানো উচিত। প্রথম সারির নায়িকা পরীমনি সাংবাদিকদের সঙ্গে যে ধরনের গালিগালাজ ও অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে, তা দুঃখজনক ও লজ্জাজনক।
তিনি আরও বলেন, বিষয়টির দ্রুত অবসান হওয়া প্রয়োজন। পরীমনির প্রতি সাংবাদিকদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে হিরো আলম বলেন, দেশজুড়ে এ নিয়ে যে আলোচনা-সমালোচনা চলছে, তা আর দীর্ঘায়িত না করে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা করা উচিত। একই সঙ্গে নতুন করে কাদা ছোড়াছুড়ি না করারও আহ্বান জানান তিনি।
এর আগে আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে বিনোদন অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।