পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। কয়েক দিনের ধারাবাহিকতায় মঙ্গলবারও শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
সকাল ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন পয়েন্টে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। থেমে থেমে চলা এ সংঘাতে পুরো শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর আগে সকালে শ্রমিকেরা বিভিন্ন কারখানায় কাজে যোগ দেন। তবে সকাল সাড়ে ৮টার পর নরসিংহপুর এলাকার হামীমসহ আশপাশের কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা সড়কে নেমে আসেন।
এ সময় বিভিন্ন কারখানার সামনে ও সড়কে জড়ো হওয়ার চেষ্টা করেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে আন্দোলনকারীরা সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধের চেষ্টা করেন।
সকাল সাড়ে ১১টার দিকেও আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের নিশ্চিন্তপুর, ইউনিকসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। পুলিশের টিয়ারশেল নিক্ষেপের পর শ্রমিকেরা সড়ক থেকে সরে আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে ইতোমধ্যে বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কতটি কারখানা ছুটি ঘোষণা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।