কক্সবাজারের রামু উপজেলার পূর্বাঞ্চলের গর্জনিয়ায় তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করতে বিকল্প আয়ের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কৃষকদের মধ্যে মুরগি পালনের ঘর, মুরগি এবং ভার্মি কম্পোস্ট সার তৈরির উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় নাজের চৌধুরী ভবনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন মুক্তি কক্সবাজারের প্রজেক্ট ম্যানেজার রিয়ে কুণ্ডু (জাপান)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী মহিবুল্লাহ চৌধুরী জিল্লু, এমইউপি শাহরান চৌধুরী মারুফ, প্রজেক্ট হেড ওসমান গনি, সিনিয়র ফিন্যান্স অফিসার সুরুজ খান, প্রজেক্ট ইঞ্জিনিয়ার আবুল হোসেন বাবুল, ফিন্যান্স অফিসার প্রবেশ চিরান ওই, টেকনিক্যাল অফিসার (লাইভস্টক) আবু হেনা সজীব, কমিউনিটি মুভিলাইজার নাছরিন জাহান উর্মি, সেন ওয়ান ও সিরাজুল মনিরা।

অনুষ্ঠানের শুরুতে প্রজেক্ট ম্যানেজার রিয়ে কুণ্ডু (জাপান)কে ফুল দিয়ে বরণ করে নেন উপকারভোগী কৃষক-কৃষাণী ও স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মসূচির আওতায় গর্জনিয়া ইউনিয়নের ২, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড থেকে যাচাই-বাছাই করা ৩২৫ জন তামাক চাষে নিরুৎসাহিত কৃষক-কৃষাণীর মধ্যে মুরগি পালনের ঘর বিতরণ করা হয়। পাশাপাশি মুরগি পালন ও ভার্মি কম্পোস্ট সার তৈরির মাধ্যমে কৃষকদের বিকল্প আয়ের পথ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।