🏠︎ » সারাদেশ » চট্টগ্রাম » চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ, আগামী বর্ষার আগেই সমাধানের দাবি সারজিসের

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ, আগামী বর্ষার আগেই সমাধানের দাবি সারজিসের

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা, রাস্তাঘাটের দুরবস্থা ও সামগ্রিক নগর ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। আগামী বর্ষা শুরুর আগেই এসব সমস্যার কার্যকর ও স্থায়ী সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘বর্ষা এলেই হাঁটু বা কোমর পানিতে নেমে শুটিং করার যে নাটক দেখা যায়, ২০২৭ সালে তা আর দেখতে চাই না।’

তিনি অভিযোগ করেন, বর্ষা শেষ হয়ে শরৎ, হেমন্ত ও শীত এলে চট্টগ্রামের জলাবদ্ধতার বিষয়টি অনেক সময় প্রশাসন ও জনপ্রতিনিধিদের আলোচনার বাইরে চলে যায়। পরবর্তী বর্ষায় নগর আবার পানিতে ডুবে গেলে লোক দেখানো বিভিন্ন কর্মকাণ্ড দেখা যায়। এ ধরনের কর্মকাণ্ডের পরিবর্তে স্থায়ী সমাধানে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

বৃষ্টিতে চট্টগ্রাম নগরে কোমরসমান পানি। চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

সারজিস বলেন, ‘চট্টগ্রামের মেয়র, প্রশাসক কিংবা এমপিদের কাছ থেকে আমরা আর এ ধরনের নাটক দেখতে চাই না।’ তাঁর মতে, সরকারের হাতে প্রায় এক বছর সময় রয়েছে। এই সময়ের মধ্যে চট্টগ্রামের জন্য বাস্তবভিত্তিক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।

চট্টগ্রামের সড়ক পরিস্থিতি নিয়েও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি জানান, নগরের পানি নিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকার অবস্থা তিনি সরেজমিনে দেখেছেন। অনেক সড়কের অবস্থা এতটাই খারাপ যে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও ভোগান্তি হচ্ছে।

নগরের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে সারজিস আলম বলেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নগরী হিসেবে পরিচিত চট্টগ্রামের বাসিন্দাদের চিকিৎসার জন্য কেন ঢাকায় যেতে হবে, সেটিও ভাবার বিষয়। নগরবাসীর জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পয়ঃনিষ্কাশন ও পানি ব্যবস্থাপনাসহ নাগরিকদের মৌলিক প্রয়োজনগুলোকে অগ্রাধিকার দিতে হবে। আগামী বর্ষার আগেই এসব সমস্যা মোকাবিলায় চট্টগ্রামকে কেন্দ্র করে আলাদা একটি মেগা পরিকল্পনা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সারজিস আলম আরও বলেন, চট্টগ্রামকে বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে হলে সাময়িক বা লোক দেখানো উদ্যোগের পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

নগরের পানি নিষ্কাশন, সড়ক, পয়ঃনিষ্কাশন, পানি সরবরাহ, শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে সমন্বিত উন্নয়ন পরিকল্পনার আওতায় আনার কথাও বলেন তিনি।

সংবাদ সম্মেলনে চট্টগ্রামের জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী বর্ষার আগেই দৃশ্যমান ও টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সারজিস আলম। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-স্কেল বাস্তবায়নের বিষয়টিও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুলে ধরার কথা জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ