🏠︎ » বাংলাদেশ » অপরাধ » টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোহাম্মদ আলী ও মোহাম্মদ আমিন নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, ১৭ আগস্ট অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে টেকনাফ মডেল থানা এলাকায় অভিযান চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গমছাড়া এলাকায় ইউনুছের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।

১৮ আগস্ট রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আলী পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্য অনুযায়ী ব্যবহৃত খাটের নিচে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ২০ হাজার পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

পরে মোহাম্মদ আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে একই বাড়ির অন্য একটি কক্ষে অভিযান চালিয়ে মোহাম্মদ আমিনকে আটক করা হয়। তার খাটের নিচে তল্লাশি চালিয়ে আরও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, দুই ব্যক্তির কাছ থেকে সবমিলিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। এ সময় স্থানীয় গ্রাম পুলিশ ও সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্যও তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ