বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ম্যাচ দেখে বাড়ি ফেরার পথে রাজধানীর উত্তরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান। তারা দুজনই উত্তরা প্রেস ক্লাবের সদস্য ছিলেন। সাকিবুল হাসান ক্লাবের অর্থ সম্পাদক এবং রবিউল আলম রাজু আপ্যায়ন সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর জানান, বড় পর্দায় ইংল্যান্ড-আর্জেন্টিনা বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ দেখে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এদিকে, বেঙ্গল প্রতিদিন-এর প্রকাশক এবিএম সিরাজুল হক সাজিদ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক শোকবার্তায় মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।