পঞ্চগড় প্রতিনিধি:
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। প্রতিদিনই কমছে তাপমাত্রা। বিশেষ করে ভোর ও রাতে অনুভূত হচ্ছে শীতের তীব্রতা। সকালে ঘাসের ওপর জমছে শিশির, সঙ্গে বইছে হিমেল বাতাস। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও সন্ধ্যার পর থেকেই বাড়ছে ঠান্ডার অনুভূতি। এমন পরিস্থিতিতে আগাম শীত মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। বের করা হচ্ছে আলমারিতে তুলে রাখা সোয়েটার, জ্যাকেটসহ শীতের গরম পোশাক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। এর আগের দিন বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সোমবার ১৮ দশমিক ৫ ডিগ্রি, রোববার ১৬ দশমিক ৪ ডিগ্রি, শনিবার ১৫ দশমিক ৮ ডিগ্রি এবং শুক্রবার ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিকে বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদ থাকায় কিছুটা গরম অনুভূত হলেও সন্ধ্যার পর দ্রুত আবহাওয়ার পরিবর্তন ঘটে। রাতে শীতের কারণে লেপ-কম্বল ব্যবহার করতে হচ্ছে। ভোরে বাইরে বের হলেই অনুভূত হচ্ছে ঠান্ডার তীব্রতা।
গলেহাহাট এলাকার বাসিন্দা রমিস উদ্দিন বলেন, দিনের বেলায় রোদ উঠলে গরম লাগে, ঘরে ফ্যান চালাতে হয়। কিন্তু সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে। রাতে লেপ-কম্বল ছাড়া থাকা কঠিন হয়ে পড়ছে।
অন্য এক বাসিন্দা জানান, কয়েক দিন আগেও রাতে এতটা ঠান্ডা অনুভূত হতো না। এখন ভোরে বাইরে বের হলে শীতের তীব্রতা বোঝা যায়। আবহাওয়ার এমন পরিবর্তনের কারণে শিশু ও বয়স্কদের নিয়ে বাড়তি সতর্ক থাকতে হচ্ছে।
আবহাওয়াবিদদের মতে, ঋতু পরিবর্তনের এ সময়ে উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে। দিনের সর্বোচ্চ ও রাতের সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য থাকায় দিনে তুলনামূলক উষ্ণ আবহাওয়া বিরাজ করলেও ভোর ও রাতে শীত বেশি অনুভূত হয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আগামী দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে। ডিসেম্বর মাসে পঞ্চগড় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।