পরিবারের সুখের জন্য জীবনের ৩৬টি বছর কাটিয়েছেন সৌদি আরবে। নিজের কষ্টার্জিত অর্থে দুই ছেলেকে বিদেশে প্রতিষ্ঠিত করেছেন, দুই মেয়ের পড়াশোনা ও বিয়ের ব্যবস্থাও করেছেন। স্বপ্ন ছিল, জীবনের বাকি সময়টা সন্তানদের সুখ-স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কাটাবেন। কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই ভেঙে গেছে তাঁর সেই স্বপ্ন। একসঙ্গে হারিয়েছেন দুই ছেলেকে। এখন বাড়ির উঠানে রাখা দুই সন্তানের মরদেহের পাশে দাঁড়িয়ে বুকফাটা কান্নায় ভেঙে পড়ছেন বাবা। স্বজনদের সান্ত্বনাও যেন তাঁর শোক কমাতে পারছে না।
মর্মান্তিক এ ঘটনা ঘটেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের বংশাল গ্রামের মুহাম্মদ হারুনের (৬২) পরিবারে। গত বৃহস্পতিবার হাটহাজারীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তাঁর দুই ছেলে মুহাম্মদ ইফতেখারুল (৩২) ও মুহাম্মদ ইমতিয়াজ (৩০)। দুই সন্তানকে একসঙ্গে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো পরিবার।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে হারুনের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে রাখা দুটি ফ্রিজার অ্যাম্বুলেন্সে দুই ছেলের মরদেহ। কখনো এক ছেলের মরদেহের কাছে যাচ্ছেন, আবার কখনো অন্যজনের কাছে। শেষবারের মতো সন্তানদের দেখতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তিনি। স্বজনেরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে, দুই ছেলের মরদেহ বাড়িতে পৌঁছানোর পর থেকে তাঁদের মা হামিদা বেগম বারবার সংজ্ঞা হারাচ্ছেন।
দুই ছেলের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না হারুন। পরিবারের সদস্যদের কাছে বারবার জানতে চাইছেন, কেন এমন ঘটনা ঘটল। সন্তান হারানোর শোকে তাঁর কণ্ঠে এখন শুধুই হাহাকার।
হারুন জীবনের দীর্ঘ ৩৬ বছর সৌদি আরবে কাটিয়েছেন। প্রায় আট বছর আগে দেশে ফিরে আসেন। দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে ছেলেরা ছিলেন ছোট। প্রবাসে উপার্জিত অর্থ দিয়ে বড় দুই মেয়েকে পড়াশোনা করিয়েছেন এবং বিয়ে দিয়েছেন। পাঁচ বছর আগে বড় ছেলে ইফতেখারুলের বিয়ে দেন। দুই ছেলে বিদেশে প্রতিষ্ঠিত হওয়ায় পরিবারে আর্থিক স্বচ্ছলতাও ছিল। সব মিলিয়ে ভালোই কাটছিল তাঁদের দিন।
হারুন বলেন, পরিবারের সুখ-শান্তির জন্য জীবনের ৩৬টি বছর সৌদি আরবে কাটিয়েছেন। ছেলেদের মানুষ করে বিদেশে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, মেয়েদেরও বিয়ে দিয়েছেন। সব মিলিয়ে আনন্দেই কাটছিল তাঁদের সময়। কিন্তু মুহূর্তের মধ্যেই সবকিছু শেষ হয়ে গেল।
ইফতেখারুল সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী ছিলেন। তাঁর স্ত্রী, চার বছর বয়সী এক ছেলে ও চার মাস বয়সী এক মেয়ে রয়েছে। অন্যদিকে, ইমতিয়াজ থাকতেন ওমানে। প্রায় তিন মাস আগে বিয়ের উদ্দেশ্যে দেশে এসেছিলেন তিনি। পরিবারের সদস্যরাও তাঁর জন্য পাত্রী খুঁজছিলেন। নতুন জীবন শুরুর আগেই সড়ক দুর্ঘটনায় থেমে গেল তাঁর জীবনের পথচলা।
দুই ভাইয়ের সম্পর্ক ছিল বন্ধুর মতো। একসঙ্গে ঘোরাঘুরি, আড্ডা কিংবা ছুটিতে দেশে ফেরা—সবকিছুতেই তাঁরা ছিলেন একে অপরের সঙ্গী। এবারও বিদেশ থেকে একসঙ্গেই ছুটিতে এসেছিলেন। কিন্তু ছুটি শেষে আর বিদেশে ফেরা হলো না তাঁদের। একসঙ্গে দেশে ফেরার পর এবার একসঙ্গেই চিরবিদায় নিতে হলো দুই ভাইকে।
শুক্রবার বংশাল গ্রামের মসজিদসংলগ্ন কবরস্থানে দুই ভাইয়ের জন্য পাশাপাশি দুটি কবর খোঁড়া হয়। গ্রামের ২০ থেকে ৩০ জন বাসিন্দা কবর খোঁড়ার কাজে অংশ নেন। একই পরিবারের দুই ভাইয়ের জন্য পাশাপাশি কবর খোঁড়ার দৃশ্য দেখে আবেগ ধরে রাখতে পারেননি অনেকে। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামে একই পরিবারের দুই ভাইয়ের একসঙ্গে মৃত্যু ও পাশাপাশি দাফনের এমন ঘটনা আগে কখনো ঘটেনি।
দুই ভাইয়ের মামা মুহাম্মদ বাবুল ও মুহাম্মদ মাহিম ওমানে থাকেন। ভাগনেদের মৃত্যুর খবর পেয়ে শুক্রবার সকাল ১০টার দিকে একটি ফ্লাইটে দেশে আসেন তাঁরা। তাঁদের আসার অপেক্ষায় দুই ভাইয়ের মরদেহ ফ্রিজার অ্যাম্বুলেন্সে রাখা হয়েছিল। বাড়িতে পৌঁছে ভাগনেদের মরদেহ দেখে তাঁরাও সংজ্ঞা হারান। পরে স্বজনেরা তাঁদের শুশ্রূষা করেন।
শুক্রবার বেলা ৩টার দিকে স্থানীয় মসজিদ মাঠে দুই ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাঁদের দাফন করা হয়।
বন্ধুকে শেষবারের মতো বিদায় জানাতে জানাজায় উপস্থিত ছিলেন ইফতেখারুলের বন্ধু মুহাম্মদ পারভেজ। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, চলতি মাসের শেষ দিকে তাঁদের একসঙ্গে সংযুক্ত আরব আমিরাতে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হলো না। ইফতেখারুল তাঁর কাছে শুধু বন্ধু ছিলেন না, ছিলেন ভাইয়ের মতো।
নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোট তিনজন নিহত হয়েছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।