নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাকরির টাকা আত্মসাতের অভিযোগ তুলে প্রচারিত পোস্টকে ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজারের হাফেজ ওমর ফারুক। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কোনো তথ্য যাচাই ছাড়া বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন তিনি।
হাফেজ ওমর ফারুক জানান, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) ‘নেছার উদ্দিন’ নামের একটি ফেসবুক আইডি থেকে ‘চাকরি টাকা আত্মসাতের অভিযোগ হাফেজ ওমর ফারুক বিরুদ্ধে’ শিরোনামে একটি পোস্ট প্রচার করা হয়। পোস্টটি তার নজরে আসার পর তিনি এর প্রতিবাদ জানান।
এক লিখিত বিবৃতিতে হাফেজ ওমর ফারুক বলেন, “উক্ত ফেসবুক পোস্টে আমার বিরুদ্ধে আনা অর্থ আত্মসাতের অভিযোগ পুরোপুরি মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। বাস্তবে এমন কোনো কর্মকাণ্ড বা আর্থিক লেনদেনের সঙ্গে আমার দূরতম কোনো সম্পৃক্ততা নেই।
তিনি দাবি করেন, একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল সামাজিকভাবে তার সুনাম ক্ষুণ্ন ও তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। অতীতে কোনো বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন না এবং বর্তমানে কোনো অনৈতিক বা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত নন বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে হাফেজ ওমর ফারুক বলেন, স্বার্থান্বেষী মহলের এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচার বা শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে কান না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।