🏠︎ » বাংলাদেশ » অপরাধ » রামুতে পিকআপে তল্লাশি: বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১

রামুতে পিকআপে তল্লাশি: বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে পুলিশি চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টার পর তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ এক পিকআপ চালককে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ। একই সাথে অস্ত্র বহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ গাড়ি ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


​বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বেলা পৌনে ১২টার দিকে রামু থানার সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়।
​গ্রেফতারকৃত ব্যক্তি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীকাটা এলাকার ফরিদুল আলমের ছেলে মোঃ সোহেল (২৭)।


​পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জের (ওসি) তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) নিক্সন চৌধুরীর নেতৃত্বে পুলিশ পরিদর্শকদের একটি দল কাউয়ারখোপ ইউনিয়ন এলাকার নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে অস্থায়ী চেকপোস্ট বসায়। অভিযান পরিচালনাকালে একটি দ্রুতগামী মিনি পিকআপ পুলিশি সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।


​পরবর্তীতে পুলিশ গাড়িটির গতিবিধি লক্ষ্য করে পিছু নেয় এবং ফতেখারকুল ইউনিয়নের হাজারীকুল এলাকায় (রামু থানার সম্মুখে) রামু-মরিচ্যা সড়কে গাড়িটির গতিরোধ করে আটক করে। পরে গাড়িটিতে ব্যাপক তল্লাশি চালিয়ে চালকের সিটের স্টিয়ারিংয়ের নিচে ব্রেকের পাশে থাকা পাদানি থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।


​ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ চালককে আটক করা হয়েছে এবং ব্যবহৃত গাড়ি ও একটি মোবাইল ফোন জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

সর্বশেষ