🏠︎ » জাতীয় » গাজীপুরের সালনায় শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ

গাজীপুরের সালনায় শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করা পোশাক শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। তবে এ মহাসড়কে যান চলাচল এখনও স্বাভাবিক হয়নি। মৌচাক, কোনাবাড়ীসহ বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের নাওজোর এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে চন্দ্রাপল্লী বিদ্যুৎ মোড়সহ বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা নাওজোর এলাকায় গিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গাজীপুরে পৃথক তিনটি মামলা হয়েছে। গত সোমবার (২ নভেম্বর) কোনাবাড়ী, বাসন ও কালিয়াকৈর থানায় পুলিশ বাদী হয়ে মামলাগুলো দায়ের করে। তিন মামলায় মোট ৩ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন মামলার তথ্য নিশ্চিত করে জানান, সহিংসতা ও নাশকতার অভিযোগে করা এসব মামলায় এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে ৩০ জনকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।

গত দুই সপ্তাহ ধরে বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছেন। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল এবং আন্দোলনকারীদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে গতকালও সাভার, গাজীপুর ও রাজধানীর মিরপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গত সোমবার সারা দেশে ৬৭০টি কারখানা বন্ধ ছিল। প্রায় ১৭ লাখ শ্রমিক কাজ না করেই ফিরে যেতে বাধ্য হন। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ