🏠︎ » অর্থনীতি » শ্রমিকদের সড়ক অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

শ্রমিকদের সড়ক অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

সকাল থেকে কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও পল্লীবিদ্যুৎ এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ চলাকালে পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় অর্ধশতাধিক যানবাহনের কাচ ও বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় দু-একটি দোকানেও হামলা চালানো হয়। তবে সেগুলোর তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে।

শ্রমিকদের দাবি, বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন তাঁরা। নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হলেও নির্দিষ্ট বেতন কাঠামোর ঘোষণা না আসায় সোমবার সকাল থেকে আবারও মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা মাঠে নামলে বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে মুখোমুখি অবস্থান ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় অনেক বিক্ষোভকারী ছত্রভঙ্গ হয়ে যান। তবে বিভিন্ন স্থানে থেমে থেমে শ্রমিকেরা আবারও সড়কে অবস্থান নিচ্ছেন।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে রয়েছেন। গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের নিয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। তাঁরা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা এবং বিশৃঙ্খলা প্রতিরোধে কাজ করছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সোমবার সকাল থেকেই শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে অন্যদিকে শ্রমিকেরা অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যান। সকালের দিকে পরিস্থিতি বেশি উত্তপ্ত ছিল এবং মহাসড়কে শ্রমিকদের উপস্থিতিও ছিল বেশি। বর্তমানে তাঁদের সংখ্যা কিছুটা কমেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ