🏠︎ » সারাদেশ » গাজীপুরে শ্রমিকদের আগুনে পুড়ল উপ-পুলিশ কমিশনারের গাড়ি

গাজীপুরে শ্রমিকদের আগুনে পুড়ল উপ-পুলিশ কমিশনারের গাড়ি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর শিল্পাঞ্চল। কয়েক সপ্তাহ ধরে চলা শ্রমিক অসন্তোষের ধারাবাহিকতায় বুধবারও (১৮ নভেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এদিন সকালে মহাসড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর একপর্যায়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি জিপ গাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

বুধবার সকাল ৯টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মুঠোফোনে তিনি জানান, শ্রমিকদের আগুনে পুড়ে যাওয়া গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের।

এদিকে গাড়িতে আগুন লাগার খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. রাজীব হোসেন জানান, গাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাঁদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বলে জানান তিনি।

শ্রমিক বিক্ষোভের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সকালে গাড়িটি নিয়ে ঘটনাস্থলে যান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, মঙ্গলবার সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। পরিস্থিতি দেখতে তিনি গাড়ি নিয়ে সেখানে যান এবং গাড়ি থেকে নামেন। এ সময় মহাসড়কের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

উপ-পুলিশ কমিশনার আরও জানান, একপর্যায়ে সাধারণ মানুষের গাড়ির আশপাশে ভিড় জমে যাওয়ায় তাঁর গাড়িটি আর সরানো সম্ভব হয়নি। তাঁর ভাষ্য, ‘তারা আমার গাড়িকে আগে থেকেই টার্গেট করে রেখেছিল।’ গাড়িটি পুড়িয়ে দেওয়া হলেও তিনি নিরাপদে রয়েছেন বলে জানান তিনি।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ