কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্য তিতাস শেখ (২৭) নিহতের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় রোহিঙ্গা নাগরিক মোহাম্মদকে প্রধান আসামি করা হয়েছে। টেকনাফের শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এই বাসিন্দাসহ এজাহারভুক্ত ছয়জনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মোহাম্মদের আটকের খবর ছড়িয়ে পড়ার পর পরই ক্যাম্পের ঘর ছেড়ে গা ঢাকা দিয়েছে তার স্ত্রী ও সন্তানরা।
যেভাবে অপরাধজগতের শীর্ষ নেতৃত্বে
অনুসন্ধান ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১২ সালের জুনে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর রইঙ্গাডং থেকে বাংলাদেশে আসে মোহাম্মদের পরিবার। শুরুতে কক্সবাজারের কলাতলীতে দিনমজুরি করে সংসার চালাতেন তিনি। পরবর্তীতে টেকনাফ ক্যাম্পে আশ্রয় নেন এবং ২০১৭ সালে শালবাগান ২৬ নম্বর ক্যাম্পে নিবন্ধিত হন।
২০১৯ সালে মাদকবিরোধী অভিযানে মোহাম্মদের বড় ভাই মোহাম্মদ আলম বন্দুকযুদ্ধে নিহত হলে তার জীবনের মোড় ঘুরে যায়। এরপরই টেকনাফের পাহাড়কেন্দ্রিক অস্ত্রধারী অপরাধীদের সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়। একপর্যায়ে কুখ্যাত মানব পাচারকারী ‘সাদ্দাম গ্রুপে’ যোগ দিয়ে অপহরণ, মুক্তিপণ আদায় ও মানব পাচারের মতো অপরাধের মূল সহযোগী হয়ে ওঠেন মোহাম্মদ। ক্যাম্পকেন্দ্রিক পাহাড়ে গড়ে তোলেন একচ্ছত্র ত্রাসের রাজত্ব।
সেই রাতের অভিযান ও মামলা
গত ৫ নভেম্বর (বৃহস্পতিবার) টেকনাফের রঙ্গীখালীর গহীন পাহাড়ে যৌথ বাহিনীর (সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বিজিবি ও পুলিশ) পরিচালিত অভিযানে জিম্মি দশা থেকে ৫৬ জনকে উদ্ধার করা হয়। এ সময় সশস্ত্র পাচারকারীদের সঙ্গে গোলাগুলির একপর্যায়ে বাঁ কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সেনাসদস্য তিতাস শেখ। পরে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার চার দিন পর সোমবার ভোরে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনহাজুল ইসলাম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। প্রধান আসামি মোহাম্মদসহ গ্রেফতার হওয়া অন্য আসামিরা হলেন—আরজ, মো. হাসান, মো. হানিফ, ওমর ফারুক এবং শফি উল্লাহ। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পরিবারসহ অন্য অপরাধীরা আত্মগোপনে
মোহাম্মদ ধরা পড়ার পর শালবাগান ক্যাম্পের জি-৪ ব্লকের ঘর ছেড়ে তার স্ত্রী ও চার সন্তান অজ্ঞাত স্থানে পালিয়ে গেছে। এদিকে যৌথ বাহিনীর কঠোর তৎপরতার মুখে সাদ্দাম গ্রুপের অন্য সদস্যরা অস্ত্রসহ পাহাড়ের আরও গভীরে আত্মগোপন করেছে; কেউ কেউ সীমান্ত পেরিয়ে মিয়ানমারে অথবা নৌপথে পালানোর চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন ক্যাম্পের বাসিন্দারা। অভিযানে অপরাধীরা মিয়ানমারের তৈরি ভারী জি-৩ রাইফেল ব্যবহার করেছিল বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান ও ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানান, হত্যায় জড়িত ছয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। পাহাড়ে মানব পাচার ও অস্ত্রধারী চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।