🏠︎ » জাতীয় » খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা দিলেন সেনাপ্রধান

খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা দিলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ ছাড়া শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে ২৪ জন সেনাসদস্যকে পদক পরিয়ে দেন তিনি।

সোমবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন সেনাপ্রধান। এ সময় ২০২৬-২৭ অর্থবছরে শান্তিকালীন সময়ে অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজনকে সেনাবাহিনী পদক (এসবিপি), চারজনকে অসামান্য সেবা পদক (ওএসপি) এবং ১৩ জনকে বিশিষ্ট সেবা পদক (বিএসপি) পরিয়ে দেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথা এবং শান্তিকালীন সময়ে পদকপ্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়।

দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদান স্মরণীয় করে রাখতে প্রতিবছর সেনাসদরের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাদের নিকটাত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ